দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ নভেম্বর: বুধবার রাতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের জব্বরপল্লি এলাকায় শ্যাম ওরফে সায়ন কুমার দাস নামে এক যুূবককে পিটিয়ে খুন করা হয়েছে বলে অভিযোগ। ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। অন্য দিকে, মৃতের পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়ে ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাতে বিসর্জন থেকে ফেরার সময়ে সায়ন ও তাঁর বন্ধুদের সঙ্গে কয়েকজনের বচসা হয়। সায়নের বন্ধু রণজয় মণ্ডলের দাবি, হামলাকারীদের রডের আঘাতে গুরুতর জখম হন সায়ন। তাঁকে উদ্ধার করে ডিএসপি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও শেষরক্ষা হয়নি। চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
পুলিশ জানিয়েছে, ঘটনায় বিজয় নন্দী ও প্রসূন পাণ্ডেকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার দুর্গাপুর আদালত তাঁদের চার দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে। আর এক অভিযুক্ত অজয়ের খোঁজে তল্লাশি চলছে। পুরনো জায়গা সংক্রান্ত বিবাদ থেকেই এই হামলার সূত্রপাত কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
সায়ন পাণ্ডবেশ্বর বিধানসভার বিজেপির ওবিসি মোর্চার নেতা ছিলেন। তাঁর বাবা পরিমল দাসের অভিযোগ, পরিকল্পিত ভাবে ছেলেকে খুন করা হয়েছে এবং অভিযুক্তদের সঙ্গে তৃণমূলের যোগ রয়েছে। এ দিকে, বৃহস্পতিবার অণ্ডাল বিমানবন্দরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে বিষয়টি জানান পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই।
পরে জিতেন্দ্র জানান, মুখ্যমন্ত্রী মৃতের পরিবারকে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে ১০ লক্ষ টাকা দেওয়ার আশ্বাস দিয়েছেন। পাশাপাশি, সায়নের স্ত্রী চাকরি করতে চাইলে তাঁকে রাজ্য সরকারের চুক্তিভিত্তিক কর্মী হিসেবে নিয়োগের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এ বিষয়ে জেলাশাসক ও পুলিশ কমিশনারকে প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান বিধায়ক।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


