WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ নভেম্বর: না এসেছে কোনও ওটিপি (OTP), না মোবাইলে ঢুকেছে কোনও সন্দেহজনক লিঙ্ক। অথচ ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে পরপর তিন দফায় উধাও হয়ে গেল প্রায় ১ লক্ষ ৯০ হাজার টাকা! সাইবার প্রতারণার এমনই অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে। ডিএসপি টাউনশিপের জয়দেব এলাকার এক ব্যবসায়ীর অভিযোগ, মাত্র দু’দিনের ব্যবধানে তাঁর ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে তুলে নেওয়া হয়েছে সঞ্চিত অর্থের বড় অংশ।

অভিযোগকারী জয়পাল রাম পেশায় ওয়েট মেশিনের ব্যবসায়ী। তাঁর দাবি, দুর্গাপুরের একটি বেসরকারি ব্যাঙ্কে থাকা অ্যাকাউন্ট থেকে গত ৬ অক্টোবর আচমকাই ৯৭ হাজার টাকারও বেশি তুলে নেওয়া হয়। তবে সেই সময় বিষয়টি তাঁর নজরে আসেনি। পরদিন, অর্থাৎ ৭ অক্টোবর বিকেলে ফের দু’দফায় ৬৯ হাজার এবং ২৪ হাজার টাকা তুলে নেওয়া হয় অ্যাকাউন্ট থেকে।

পরপর টাকা উধাও হওয়ার ঘটনা বুঝতে পেরেই উদ্বিগ্ন হয়ে পড়েন জয়পালবাবু। দ্রুত থানায় অভিযোগ দায়ের করেন তিনি। পাশাপাশি বিষয়টি জানান সংশ্লিষ্ট ব্যাঙ্ক কর্তৃপক্ষকেও। তাঁর দাবি, কোনও ওটিপি আসেনি এবং মোবাইলে কোনও সন্দেহজনক লিঙ্কে ক্লিকও করেননি তিনি। তাহলে কীভাবে অ্যাকাউন্ট থেকে এত টাকা তুলে নেওয়া হল, সেই প্রশ্নই ভাবিয়ে তুলেছে তাঁকে।

এই ঘটনার সবচেয়ে বেদনাদায়ক দিক, ছেলের পড়াশোনা ও ভবিষ্যতের কথা ভেবেই ওই টাকা জমিয়ে রেখেছিলেন জয়পালবাবু। দীর্ঘদিনের সঞ্চয় এভাবে খোয়া যাওয়ায় দিশেহারা হয়ে পড়েছে পরিবার। কীভাবে এই প্রতারণা ঘটল এবং কী উপায়ে টাকা ফেরত পাওয়া সম্ভব, তা নিয়ে এখন উদ্বেগে রয়েছেন তাঁরা।ঘটনার সঠিক তদন্ত এবং খোয়া যাওয়া টাকা উদ্ধারের আশায় প্রশাসন ও ব্যাঙ্ক কর্তৃপক্ষের দিকে তাকিয়ে রয়েছেন জয়পালবাবু।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)