দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১২ নভেম্বর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ফরিদপুর (লাউদোহা) থানা এলাকায় গরু চুরি ও গরু হত্যার অভিযোগ ঘিরে উত্তেজনার মধ্যে গ্রেফতার হলেন চার জন। বুধবার রাতে আরতি গ্রাম থেকে তাঁদের গ্রেফতার করে পুলিশ। ধৃতদের নাম শেখ আলামত, শেখ হাসিম, শেখ কলিমুদ্দিন ও শেখ লতিব। বৃহস্পতিবার দুর্গাপুর আদালতে তাঁদের হাজির করানো হলে পাঁচ দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন বিচারক।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আরতি গ্রামে বেশ কিছু দিন ধরেই গরু চুরির অভিযোগ উঠছিল। এরই মধ্যে দিন তিনেক আগে একটি গর্ভবতী গরুকে হত্যা করে তার দেহের টুকরো এলাকার একটি জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ সামনে আসে। ঘটনাকে কেন্দ্র করে স্থানীয় বাসিন্দাদের একাংশের মধ্যে ক্ষোভ ছড়ায়। একাধিক হিন্দু সংগঠনের সদস্যেরা লাউদোহা থানায় গিয়ে পুলিশের কাছে অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানান। বুধবারও একই দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখান তাঁরা। পুলিশকে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য সময়সীমাও বেঁধে দেওয়া হয়।
এই ঘটনার পরেই তৎপর হয় পুলিশ। গরু চুরি ও হত্যার অভিযোগে একাধিক মামলা রুজু করে অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু হয়। বুধবার রাতে চার জনকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার আদালতে তাঁদের পেশ করা হলে জামিনের আবেদন খারিজ করে পাঁচ দিনের পুলিশি হেফাজতে পাঠানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে ঘটনার সঙ্গে তাঁদের যোগ এবং অভিযোগের সত্যতা খতিয়ে দেখতে চাইছে তদন্তকারীরা।
অন্য দিকে, বৃহস্পতিবার দুর্গাপুর আদালত থেকে ধৃতদের নিয়ে যাওয়ার সময়ে তাঁদের গায়ে গঙ্গাজল ছিটিয়ে প্রতিবাদ জানান বিজেপির যুবনেতা পারিজাত গঙ্গোপাধ্যায়। তাঁর বক্তব্য, বাংলায় গরু চুরি ও গরু হত্যা বরদাস্ত করা হবে না। আরতি গ্রামের ঘটনার উল্লেখ করে তিনি অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপের দাবি জানান। পুলিশ প্রশাসন সক্রিয় হয়ে ব্যবস্থা নিয়েছে বলেও মন্তব্য করেন তিনি। ঘটনাকে কেন্দ্র করে লাউদোহা এলাকায় এখনও চাপা উত্তেজনা রয়েছে। পুলিশ জানিয়েছে, ধৃতদের জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার প্রকৃত কারণ ও অন্য কারও যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখা হবে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


