WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ নভেম্বর: গ্ল্যামার দুনিয়া, ফ্যাশন শো কিংবা সিনেমার পর্দা—একদিন যা ছিল তাঁদের কাছে স্বপ্নের মতো, আজ সেই জগতেই আত্মবিশ্বাসের সঙ্গে পা রাখছেন তাঁরা। শুধু ফ্যাশন শো-তে অংশগ্রহণ নয়, মিলছে সিনেমায় কাজ করার সুযোগও। আর এই বদলের নেপথ্যে রয়েছে পিজি ফাউন্ডেশন।

শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের গোপালমাঠে আয়োজিত হল ‘গ্লাম-স্লাম ২০২৬’। এই ফ্যাশন শো-তে প্রিয়া ঘোষের উদ্যোগে র‍্যাম্পে হাঁটার সুযোগ পেলেন প্রত্যন্ত খনি-শিল্পাঞ্চলের কিশোরী থেকে শুরু করে গৃহবধূরাও। পিছিয়ে ছিলেন না পুরুষেরাও। কিডস, মিস, মিসেস এবং মিস্টার—এই চারটি বিভাগে অংশগ্রহণকারীদের উপস্থিতিতে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান।

উল্লেখযোগ্য বিষয়, এই আয়োজনের অংশগ্রহণকারীদের অনেকের কাছেই ফ্যাশন শো ছিল একসময় কার্যত অচেনা জগৎ। সেই দূরত্ব ঘুচিয়ে তাঁদের সামনে নতুন সম্ভাবনার দরজা খুলে দেওয়ার চেষ্টা করছে পিজি ফাউন্ডেশন। মঞ্চে উঠে নিজেদের প্রতিভা ও আত্মবিশ্বাস তুলে ধরার সুযোগ পাচ্ছেন তাঁরা। পাশাপাশি, চলচ্চিত্র জগতের সঙ্গে যুক্ত হওয়ার সম্ভাবনাও তৈরি হচ্ছে।

এ দিনের অনুষ্ঠানে মুম্বই ও কলকাতা থেকে উপস্থিত ছিলেন চলচ্চিত্র ও ফ্যাশন জগতের সঙ্গে যুক্ত কলাকুশলীরা। তাঁদের উপস্থিতি অংশগ্রহণকারীদের কাছে বাড়তি উৎসাহের কারণ হয়ে ওঠে। খনি-শিল্পাঞ্চলের প্রত্যন্ত এলাকার মানুষের মধ্যেও প্রতিভার অভাব নেই। প্রয়োজন শুধু সেই প্রতিভাকে খুঁজে বের করা এবং উপযুক্ত মঞ্চ তৈরি করে দেওয়া। সেই কাজটাই করেছেন উদ্যোক্তারা। সব মিলিয়ে ‘গ্লাম-স্লাম ২০২৬’ শুধুমাত্র একটি ফ্যাশন শো-তেই সীমাবদ্ধ থাকেনি। বরং, প্রচলিত ধারণার বাইরে গিয়ে প্রত্যন্ত এলাকার মানুষকে গ্ল্যামার ও বিনোদন জগতের সঙ্গে পরিচিত করানোর একটি প্রয়াস। 

আরও পড়ুন: দুর্গাপুর থেকে ইসরো! ড. বি. সি. রায় পলিটেকনিকের প্রাক্তনী শ্রেয়া দত্ত গড়লেন সাফল্যের নজির

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)