WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২০ নভেম্বর: নিজের ছেলেকে এ ভাবে বেঁধে থানায় নিয়ে আসতে হবে, কোনও বাবাই হয়তো এমন দিন দেখতে চান না। কিন্তু ছেলের অস্বাভাবিক আচরণ, যে কোনও মুহূর্তে বড়সড় দুর্ঘটনা কিংবা আত্মহত্যার আশঙ্কা—সব মিলিয়ে শেষ পর্যন্ত কার্যত নিরুপায় হয়ে উঠলেন বাবা। ছেলের প্রাণ বাঁচানোর আকুতি নিয়ে তাঁকে দড়ি ও টিউব দিয়ে ভ্যানে বেঁধে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর থানায় হাজির হলেন ভ্যানচালক বাবা। বৃহস্পতিবারের এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

তাঁর দাবি, তাঁর ২১-২২ বছরের ছেলে গত ১৫ নভেম্বর, ছটপুজোর রাত থেকেই অস্বাভাবিক আচরণ করতে শুরু করে। কী ধরনের নেশা করেছে, তা পরিবারের কারও জানা নেই। ছেলের আচরণে আতঙ্কিত হয়ে তাঁকে চিকিৎসার জন্য দুর্গাপুর মহকুমা হাসপাতালে নিয়ে গিয়েছিলেন বাবা। কিন্তু সেখানে ছেলেকে ভর্তি নেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। অন্য দিকে, আর্থিক অনটনের কারণে বেসরকারি হাসপাতালে চিকিৎসা করানোর সামর্থ্যও নেই তাঁদের।

এ দিকে, ছেলের আচরণ ক্রমশ উদ্বেগ বাড়াচ্ছে পরিবারের। কখন কী করে বসবে, সেই আশঙ্কায় কার্যত আতঙ্কের মধ্যে দিন কাটছে বাবা-মায়ের। যে কোনও মুহূর্তে ছেলের প্রাণহানি হতে পারে, এমনকী নিজেরও ক্ষতি করে বসতে পারে বলে আশঙ্কা করছে পরিবার। শেষ পর্যন্ত আর কোনও উপায় না দেখে ছেলেকে দড়ি ও টিউব দিয়ে ভ্যানের সঙ্গে বেঁধে থানায় নিয়ে আসেন বাবা-মা। তাঁদের বক্তব্য, ছেলের কোনও অঘটন ঘটলে তার দায় যেন পরিবারের উপর না বর্তায়। ছেলের চিকিৎসা ও নিরাপত্তার ব্যবস্থা করার আবেদন জানাতেই পুলিশের দ্বারস্থ হয়েছেন তিনি।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)