দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ নভেম্বর: গাড়ি চুরির অভিযোগ পাওয়ার মাত্র ২৪ ঘণ্টার মধ্যে বিহারের ঔরঙ্গাবাদ থেকে চুরি যাওয়া টাটা সুমো উদ্ধার করল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন থানার পুলিশ। এই ঘটনায় উত্তর ২৪ পরগনার বাসিন্দা মনোজ চক্রবর্তী নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ১৯ নভেম্বর কোক ওভেন থানা এলাকার রাতুরিয়া হাউজিং কলোনির বাসিন্দা রমেশ কুমার সিং তাঁর টাটা সুমো চুরির অভিযোগ দায়ের করেন। তাঁর অভিযোগ, আগের দিন দুর্গাপুর বাসস্ট্যান্ড সংলগ্ন কল্পনা পেট্রল পাম্পের সামনে গাড়িটি দাঁড় করিয়ে তিনি বাড়িতে খেতে গিয়েছিলেন। কিছুক্ষণ পর ফিরে এসে দেখেন, নির্দিষ্ট জায়গায় গাড়িটি নেই। আশপাশে খোঁজাখুঁজি করেও সন্ধান না পেয়ে তিনি থানার দ্বারস্থ হন।
অভিযোগ পাওয়ার পরই তদন্তে নামে পুলিশ। কোক ওভেন থানার ভারপ্রাপ্ত আধিকারিক অঞ্জন মণ্ডল এএসআই সঞ্জয় কুমার ঘোষের নেতৃত্বে একটি বিশেষ দল গঠন করেন। তদন্তে পাওয়া সূত্রের ভিত্তিতে বিহারের ঔরঙ্গাবাদে অভিযান চালিয়ে চুরি যাওয়া গাড়িটি উদ্ধার করা হয়। পাশাপাশি গ্রেফতার করা হয় অভিযুক্ত মনোজ চক্রবর্তীকে। ধৃতকে দুর্গাপুর আদালত ৫ দিনের পুলিশ হেফাজতে পাঠিয়েছে।
আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর
স্বপ্নের র্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


