WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ নভেম্বর: আইএনটিইউসি-র রাজ্য সম্মেলন ঘিরে প্রকাশ্যে চলে এল কংগ্রেসের অন্দরের গোষ্ঠীকোন্দল। সম্মেলনে কারা প্রবেশ করবেন, তা নিয়ে জেলা কংগ্রেস নেতৃত্ব ও শ্রমিক সংগঠনের জেলা নেতৃত্বের মধ্যে শুরু হয় বচসা। ক্রমশ উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি। দুই পক্ষের কর্মীদের মধ্যে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি, এমনকী হাতাহাতির ঘটনাও ঘটে বলে অভিযোগ। এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডিএসপি টাউনশিপে।

আইএনটিইউসি সূত্রে জানা গিয়েছে, মূলত শ্রমিক সংগঠনের কর্মী ও প্রতিনিধিদের নিয়েই রাজ্য সম্মেলনের আয়োজন করা হয়েছিল। অভিযোগ, সম্মেলনস্থলে জেলা কংগ্রেস সভাপতি হরজিৎ সিং এবং অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে জেলা কংগ্রেসের কর্মীরা প্রবেশের চেষ্টা করেন। সেই সময় তাঁদের সঙ্গে শ্রমিক সংগঠনের কর্মীদের বচসা শুরু হয়। শ্রমিক সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়, প্রথমে তাঁদের কর্মী ও প্রতিনিধিদের সম্মেলনে প্রবেশ করতে দিতে হবে। তার পরে অন্যেরা ঢুকবেন। এই দাবি ঘিরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে।

শ্রমিক সংগঠনের জেলা সভাপতি সুভাষ সাহা জেলা কংগ্রেস নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন। তাঁর অভিযোগ, ‘‘এ দিনের কর্মসূচি শুধু শ্রমিক সংগঠনের কর্মীদের নিয়ে হওয়ার কথা ছিল। সেই জায়গায় জেলা সভাপতি হরজিৎ সিং ও দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কিছু লোক কর্মসূচির ভিতরে ঢোকার চেষ্টা করেন। আমরা বলেছিলাম, আমাদের শ্রমিক সংগঠনের কর্মীরা আগে ঢুকুন, তার পরে আপনারা ঢুকবেন। তার পরেও ওঁরা জোর করে ঢোকার চেষ্টা করেন। সেই নিয়েই শ্রমিক সংগঠনের কর্মীদের সঙ্গে ধাক্কাধাক্কি, ঠেলাঠেলি হয়।’’

যদিও সুভাষের অভিযোগ অস্বীকার করে পাল্টা সরব হয়েছেন দেবেশ চক্রবর্তী। তাঁর দাবি, রাজ্য থেকে আসা প্রতিনিধিদের সম্মেলনে প্রবেশে বাধা দেওয়ার চেষ্টা হয়েছিল। দেবেশ বলেন, ‘‘আমাদের কংগ্রেসের জেলা সভাপতি শ্রমিক সংগঠনের একজন বড় নেতা। সেই বিষয়ে ওঁর কোনও ধারণা নেই। রাজ্যের বিভিন্ন জায়গা থেকে যাঁরা আসতে চেয়েছিলেন, তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করা হচ্ছিল। অল ইন্ডিয়া আইএনটিইউসি তালিকা প্রকাশ করে দিয়েছে, কারা যেতে পারবেন আর কারা পারবেন না। তার পরেও যাঁরা এই ধরনের ঘটনা ঘটাচ্ছেন, তাঁদের বিরোধিতা করা হয়েছে।’’

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)