WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ নভেম্বর: থানার ভিতরেই নিরাপত্তার এমন হাল! পুলিশের হেফাজতে থাকা এক অভিযুক্ত বাথরুমের ভাঙা জানলা টপকে পালিয়ে যাওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোক ওভেন থানায়। টাটা সুমো চুরি কাণ্ডে ধৃত মনোজ চক্রবর্তীর পলায়নের ঘটনায় থানার নিরাপত্তা ও পুলিশি নজরদারি নিয়ে উঠতে শুরু করেছে একাধিক প্রশ্ন।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, টাটা সুমো চুরির ঘটনায় বিহারের ঔরঙ্গাবাদ থেকে গ্রেফতার করা হয়েছিল মনোজ চক্রবর্তীকে। আদালতের নির্দেশে তাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছিল কোক ওভেন থানায়। অভিযোগ, গতকাল রাতে থানার ভিতরে যে ঘরে তাকে রাখা হয়েছিল, সেই ঘরের একটি ভাঙা জানলা দিয়েই পালিয়ে যায় সে। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্তের খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিশ।

তবে এই ঘটনায় শুধু একজন অভিযুক্তের পলায়ন নয়, প্রশ্নের মুখে পড়েছে থানার অভ্যন্তরীণ নিরাপত্তা ব্যবস্থাও। পুলিশের হেফাজতে থাকা একজন অভিযুক্ত কীভাবে থানার ভিতর থেকে পালিয়ে যেতে পারল? যে ঘরে ধৃতকে রাখা হয়েছিল, সেই ঘরের জানলা ভাঙা অবস্থায় ছিল কেন? তার উপর নজরদারির দায়িত্বে থাকা পুলিশকর্মীদের ভূমিকা নিয়েও উঠছে প্রশ্ন।

সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করার দায়িত্ব যাদের, সেই পুলিশের হেফাজতেই যদি এমন ঘটনা ঘটে, তাহলে থানার নিরাপত্তা ও নজরদারির ব্যবস্থা কতটা কার্যকর, তা নিয়ে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে। এখন পলাতক মনোজ চক্রবর্তীকে পুলিশ কবে গ্রেফতার করতে পারে, সেদিকেই নজর রয়েছে। পাশাপাশি, এই ঘটনায় কোনও পুলিশি গাফিলতি ছিল কি না, তা খতিয়ে দেখার দাবিও উঠছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)