WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২২ নভেম্বর: সামাজিক মাধ্যমে উত্তরপ্রদেশের প্রশাসনকে নিশানা করে আপত্তিকর ও বিতর্কিত বক্তব্য ছড়ানোর অভিযোগ। সেই ঘটনার তদন্তে নেমে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অভিযান চালাল উত্তরপ্রদেশ পুলিশ। রবিবার সিটি সেন্টার এলাকা থেকে মনোজ সিং নামে এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত ওই এলাকারই বাসিন্দা। উত্তরপ্রদেশ পুলিশের এই অভিযানে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বেশ কিছুদিন উত্তরপ্রদেশে ছিলেন মনোজ। সেই সময় তাঁর বিরুদ্ধে একাধিক অভিযোগ ওঠে। সরকারি কর্মচারীদের কাজে বাধা দেওয়া, হুমকি দেওয়া এবং ভয় দেখিয়ে টাকা আদায়ের মতো অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। পরে উত্তরপ্রদেশ ছেড়ে দুর্গাপুরে ফিরে আসেন তিনি। তবে অভিযোগ, দুর্গাপুরে ফিরে আসার পরেও হোয়াটসঅ্যাপ এবং ইমেলের মাধ্যমে উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের সরকার ও প্রশাসনকে নিশানা করে বিভিন্ন আপত্তিকর এবং বিতর্কিত বক্তব্য ছড়াচ্ছিলেন মনোজ।

এই ঘটনায় উত্তরপ্রদেশে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হয়। অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করে সেখানকার পুলিশ। বিভিন্ন সূত্র থেকে তথ্য সংগ্রহের পর তদন্তকারীরা জানতে পারেন, পশ্চিমবঙ্গের দুর্গাপুর থেকে ওই সব বার্তা পাঠানো হচ্ছে। এর পরেই উত্তরপ্রদেশ পুলিশের একটি দল দুর্গাপুরে আসে। রবিবার সিটি সেন্টার এলাকায় অভিযান চালিয়ে মনোজকে গ্রেফতার করা হয়।

তদন্তকারীদের সূত্রে আরও জানা গিয়েছে, ধৃতের বিরুদ্ধে মহিলাদের আপত্তিকর ছবি তোলার অভিযোগও রয়েছে। রবিবার ধৃতকে দুর্গাপুর আদালতে পেশ করা হয়। উত্তরপ্রদেশে নিয়ে গিয়ে তাঁকে জিজ্ঞাসাবাদ ও পরবর্তী তদন্তের স্বার্থে দু’দিনের ট্রানজিট রিমান্ডের আবেদন জানিয়েছে উত্তরপ্রদেশ পুলিশ।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)