WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২১ নভেম্বর: উদ্বোধনের পরেও নানা প্রশাসনিক ও পরিকাঠামোগত জটিলতায় চালু করা যায়নি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নতুন মডেল আদালত ভবন। তবে এবার সেই সমস্যা দ্রুত মিটিয়ে নতুন ভবনে আদালতের কাজকর্ম শুরু করার আশ্বাস দিলেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী বিরাজ বিশ্বাস।

দুর্গাপুরের পুরনো মহকুমা আদালত ভবনের বেহাল অবস্থা নিয়ে দীর্ঘদিন ধরেই ক্ষোভ প্রকাশ করে আসছেন আইনজীবীরা। তাঁদের অভিযোগ, ভবনের ছাদ থেকে চাঙড় খসে পড়ার আশঙ্কা রয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন কাজ করতে হচ্ছে আইনজীবী, আদালতের কর্মী এবং বিচারপ্রার্থীদের। দ্রুত নতুন ভবন চালুর দাবিতে একাধিকবার বিক্ষোভ ও কর্মবিরতিতেও সামিল হয়েছেন তাঁরা।

অন্যদিকে, নতুন আদালত ভবনে আইনজীবীদের বসার জায়গার পরিকাঠামো নিয়েও আপত্তি রয়েছে। বসার জায়গায় টিনের ছাউনি দেওয়ার ব্যবস্থা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন আইনজীবীদের একাংশ। তাঁদের দাবি, আধুনিক আদালত ভবনের পাশাপাশি আইনজীবীদের জন্যও নিরাপদ ও উন্নত পরিকাঠামো নিশ্চিত করতে হবে। এই দাবিতে চলছে আইনজাবীদের একটানা কর্মবিরতি।

এই পরিস্থিতিতে দুর্গাপুরের সিটি সেন্টারে আইনজীবীদের সঙ্গে বৈঠক করেন রাজ্যের আইন ও বিচার বিভাগীয় মন্ত্রী বিরাজ বিশ্বাস। তাঁদের সমস্ত অভিযোগ ও দাবিদাওয়া শোনার পাশাপাশি নতুন ভবন চালুর পথে থাকা প্রশাসনিক সমস্যাগুলি দ্রুত সমাধানের আশ্বাস দেন তিনি। বৈঠক শেষে মন্ত্রী জানান, আইনজীবীদের সঙ্গে আলোচনার পর কর্মবিরতি উঠে গিয়েছে। নতুন আদালত ভবন চালুর ক্ষেত্রে একাধিক বিভাগের কিছু সমস্যা রয়েছে। সেগুলি মিটিয়ে খুব শীঘ্রই ভবনটি চালু করা হবে। আইনজীবীদের পরিকাঠামোগত সমস্যার সমাধানেও রাজ্য সরকার উদ্যোগী হবে বলে আশ্বাস দিয়েছেন তিনি।

শেষ পর্যন্ত আইনমন্ত্রীর হস্তক্ষেপে কর্মবিরতি প্রত্যাহার করে নিলেন দুর্গাপুর আদালতের আইনজীবীরা। শনিবার থেকে আদালতের স্বাভাবিক কাজকর্ম পুরোদমে শুরু হয়েছে। 

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)