

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বৈশাখের আবহ, রবীন্দ্রসুর, কবিতা আর আন্তরিক সাংস্কৃতিক মেলবন্ধনে এক স্মরণীয় সন্ধ্যার সাক্ষী থাকল পশ্চিম বর্ধমান জেলার (Paschim Bardhaman) দুর্গাপুর। দুর্গাপুর কয়্যারের উদ্যোগে বুধবার অনুষ্ঠিত হল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান ‘বৈশাখী আড্ডা : এক সুরের সন্ধ্যা’। বাঙালির ঐতিহ্য, সংস্কৃতি ও সঙ্গীতকে কেন্দ্র করে সাজানো এই আয়োজনে তৈরি হয় এক হৃদয়ছোঁয়া পরিবেশ।
অনুষ্ঠানের শুভ সূচনা হয় দুর্গাপুর কয়্যারের শিল্পীদের সমবেত কণ্ঠে বিশ্বকবির বিখ্যাত রবীন্দ্রসঙ্গীত 'আলোকের এই ঝর্ণাধারায় ধুইয়ে দাও' পরিবেশনার মধ্য দিয়ে। এরপর একক সঙ্গীতে দর্শকদের মুগ্ধ করেন দুর্গাপুর কয়্যারের সদস্যা নবনীতা মণ্ডল ও কোয়েলি চক্রবর্তী। তাঁদের সুরেলা পরিবেশনায় উপস্থিত শ্রোতারা আবেগে ভেসে যান। বৈশাখের অনুভূতিকে আরও জীবন্ত করে তোলে কবিতা আবৃত্তি। তানিয়া চক্রবর্তী, রুমা দাস তাঁদের আবৃত্তির মাধ্যমে অনুষ্ঠানে এক অন্য মাত্রা যোগ করেন।
অনুষ্ঠানের অন্যতম বিশেষ আকর্ষণ ছিল অধ্যাপক বটু ঘোষের এসরাজে রবীন্দ্রসঙ্গীত পরিবেশন। তাঁর সুরের মাধুর্যে মুগ্ধ হয়ে পড়েন উপস্থিত দর্শকরা। পাশাপাশি কীবোর্ডে রবীন্দ্রসুর পরিবেশন করেন সোমা রাণা ও তনুশ্রী দে, যা অনুষ্ঠানের আবহকে আরও সমৃদ্ধ করে তোলে। দুর্গাপুর কয়্যারের শিল্পীদের সমবেত কণ্ঠে পরিবেশিত 'দে দোল দোল দোল তোল পাল তোল' গানটি উচ্ছ্বাস ছড়িয়ে দেয়। করতালির মাধ্যমে শিল্পীদের উৎসাহিত করেন উপস্থিত সকলেই।.jpeg)
অনুষ্ঠানের পরবর্তী পর্বে সঙ্গীত পরিবেশন করেন শুভম চক্রবর্তী, অর্ণব চ্যাটার্জি, শবনম চ্যাটার্জি ও সহেলি দাস। তাঁদের প্রাণবন্ত পরিবেশনা সন্ধ্যাটিকে আরও বর্ণময় ও উপভোগ্য করে তোলে। এই সুরের আসরকে পূর্ণতা দিতে যন্ত্রসঙ্গীতে কীবোর্ডে ছিলেন নীলোৎপল মণ্ডল (বাবুসোনা) এবং তবলায় সুমন চক্রবর্তী (দোলন)। তাঁদের দক্ষ সঙ্গত অনুষ্ঠানটির মানকে আরও উচ্চতায় পৌঁছে দেয়।
সমগ্র অনুষ্ঠানটি সুচারুভাবে সঞ্চালনা করেন ডঃ তানিয়া চক্রবর্তী ও রুমা দাস। তাঁদের সাবলীল, প্রাণবন্ত এবং আন্তরিক উপস্থাপনা দর্শকদের বিশেষভাবে আকৃষ্ট করে এবং প্রশংসা কুড়িয়ে নেয়। সব মিলিয়ে, শিল্পীদের আন্তরিক অংশগ্রহণ, বৈচিত্র্যময় পরিবেশনা এবং সুর-ছন্দের অপূর্ব মেলবন্ধনে ‘বৈশাখী আড্ডা : এক সুরের সন্ধ্যা’ দুর্গাপুরের সংস্কৃতিপ্রেমী মানুষের কাছে হয়ে উঠল এক স্মরণীয় সাংস্কৃতিক সন্ধ্যা।
(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)
