

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: মঙ্গলবার দুর্গাপুর পুরসভাকে কেন্দ্র করে তৈরি হল নতুন রাজনৈতিক উত্তেজনা। পুরসভার ছাদে বিজেপির দলীয় পতাকা উত্তোলনকে ঘিরে শুরু হয় বিক্ষোভ ও পাল্টা রাজনৈতিক কটাক্ষ। সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে জয়ী বিজেপি প্রার্থী চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণ ঘোড়ুইয়ের নেতৃত্বে দলীয় কর্মী-সমর্থকেরা পুরসভার সামনে জড়ো হন। তাঁদের একাংশ পুরসভার ছাদে উঠে পতাকা লাগিয়ে দেন, এরপর শুরু হয় বিক্ষোভ কর্মসূচি। পরিস্থিতি সামাল দিতে এলাকায় মোতায়েন ছিল পুলিশবাহিনী।
দুর্গাপুর পুরসভায় ২০২২ সালের সেপ্টেম্বর মাসে পুরবোর্ডের মেয়াদ শেষ হওয়ার পর থেকে প্রশাসকমণ্ডলী দিয়েই চলছে পুরসভার কাজ। ফলে দীর্ঘদিন ধরে কোনও নির্বাচিত জনপ্রতিনিধি না থাকায় নাগরিক পরিষেবা ব্যাহত হচ্ছে বলে অভিযোগ শহরের একাংশ বাসিন্দার।
এই পরিস্থিতিতে বিজেপির অভিযোগ, নির্বাচিত বোর্ড না থাকার সুযোগে পুরসভায় আর্থিক অনিয়ম ও অবৈধ কাজ হয়েছে। এমনকি সেই সব অনিয়ম ধামাচাপা দিতে গুরুত্বপূর্ণ ফাইল সরিয়ে ফেলার চক্রান্ত চলছে বলেও দাবি তাঁদের। বিজেপি নেতৃত্বের অভিযোগ, ইতিমধ্যেই ১৮টি গুরুত্বপূর্ণ ফাইল পুরসভা থেকে সরিয়ে ফেলা হয়েছে এবং তা কমিশনারের অনুমতি ছাড়া সম্ভব নয়।
.jpeg)
লক্ষ্মণ ঘোড়ুই বলেন, গণনার দিন এই ফাইল সরানো হয়েছে। তিনি হুঁশিয়ারি দিয়ে জানান, দ্রুত সেই ফাইল ফেরত না এলে আইনগত পদক্ষেপ নেওয়া হবে। অন্যদিকে চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় দাবি করেন, পুরসভার কর্মীদের কাছ থেকেই ফাইল গায়েবের তথ্য পেয়েছেন তাঁরা এবং কমিশনারকে গ্রেফতারের দাবিও তোলেন।
এই ঘটনাকে কেন্দ্র করে বিজেপির প্রতিনিধিদল পুরসভার কমিশনার আবুল কালাম আজাদ ইসলামের সঙ্গে দেখা করে লিখিত অভিযোগ জমা দেয়। কমিশনার জানান, বিজেপি নেতৃত্ব প্রশাসকমণ্ডলীর সদস্যদের পদত্যাগের দাবি জানিয়েছেন, তবে এখনও পর্যন্ত তাঁর কাছে কোনও পদত্যাগপত্র জমা পড়েনি।
.jpeg)