টোটোয় করে সরকারি স্কুলের ইউনিফর্ম সরানোর চেষ্টা, সরব বিজেপি

Advertisement

দুর্গাপুর দর্পণ, কাঁকসা: দুর্গাপুরের কাঁকসায় সরকারি স্কুলের ইউনিফর্ম ঘিরে তীব্র রাজনৈতিক বিতর্ক তৈরি হল। নতুন সরকার গঠনের আগেই সরকারি সামগ্রী পাচারের অভিযোগে সরগরম হয়ে উঠল কাঁকসা বিডিও অফিস সংলগ্ন এলাকা। অভিযোগ, একটি ক্লাবঘরে মজুত থাকা ‘বিশ্ব বাংলা’ লোগো লাগানো স্কুল ইউনিফর্ম গোপনে সরানোর চেষ্টা চলছিল। সেই সময়ই বিষয়টি নজরে আসে স্থানীয় বিজেপি কর্মীদের।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, নির্বাচনী আচরণবিধি জারির পর থেকেই ওই ইউনিফর্ম বিতরণ বন্ধ ছিল। অভিযোগ, বৃহস্পতিবার সকালে ক্লাবঘর থেকে বস্তা বস্তা ইউনিফর্ম বের করে টোটোয় তোলা হচ্ছিল। তা দেখেই টোটোগুলি আটকান বিজেপি কর্মীরা। ঘটনাকে কেন্দ্র করে মুহূর্তে উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।

বর্ধমান সাংগঠনিক জেলা বিজেপির এসসি মোর্চার সাধারণ সম্পাদক পরিতোষ বিশ্বাস অভিযোগ করেন, “নতুন সরকার গঠনের আগে কার নির্দেশে এই পোশাক সরানো হচ্ছিল, তার জবাব চাই। আমরা টোটো আটকানোর পর বিষয়টি প্রশাসনকে জানাই।” অভিযোগ পাওয়ার পর ঘটনাস্থলে পৌঁছন কাঁকসার বিডিও সৌরভ গুপ্ত। তিনি জানান, “এই সময় কোনওভাবেই এ ধরনের কাজ করার অনুমতি ছিল না। অভিযোগ পেয়েই আমরা দ্রুত ব্যবস্থা নিয়েছি।”

Advertisement

বিডিও-র উপস্থিতিতেই টোটো থেকে সমস্ত ইউনিফর্ম নামিয়ে ফের ক্লাবঘরে রাখা হয়। পরে প্রশাসন ও বিজেপি কর্মীদের উপস্থিতিতে ঘরটিতে তালা ঝুলিয়ে দেওয়া হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় রাজনৈতিক চাপানউতোর শুরু হয়েছে। বিজেপির দাবি, পুরো ঘটনার নিরপেক্ষ তদন্ত হোক এবং কার নির্দেশে ইউনিফর্ম সরানোর চেষ্টা হয়েছিল তা প্রকাশ্যে আনা হোক।

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

Advertisement

Related Posts