WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ নভেম্বর: মুখ্যমন্ত্রীর সফর ঘিরে সাজসাজ রব শিল্পাঞ্চলে। শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠক করবেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে শহরজুড়ে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। প্রশাসন সূত্রে জানা গিয়েছে, অন্ডালের কাজী নজরুল ইসলাম বিমানবন্দরে নেমে বিমাননগরীতে মিশন হাসপাতালের ক্যান্সার হাসপাতালের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। এর পরে সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহে প্রশাসনিক বৈঠকে যোগ দেবেন তিনি।

মুখ্যমন্ত্রীর সফরে আরও কয়েকটি কর্মসূচি রয়েছে। সিটি সেন্টারের ডিএমসি মোড়ে দুর্গাপুর পশ্চিমের বিধায়ক লক্ষ্মণচন্দ্র ঘোড়ুইয়ের উদ্যোগে তৈরি ৩০ ফুট উচ্চতার হনুমান মূর্তির আবরণ উন্মোচন করবেন তিনি। পাশাপাশি লক্ষ্মণচন্দ্র ঘোড়ুইয়ের বাড়িতে যাওয়া এবং ভিড়িঙ্গি কালীবাড়িতে পুজো দেওয়ার সম্ভাবনাও রয়েছে।

সফরের প্রস্তুতি খতিয়ে দেখতে বৃহস্পতিবার সৃজনী প্রেক্ষাগৃহ পরিদর্শন করেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক পন্নমবলম এস। সভাগৃহ, মঞ্চ এবং অনুষ্ঠানস্থলের সামগ্রিক পরিকাঠামো ঘুরে দেখেন তিনি। নিরাপত্তার দিকেও বিশেষ নজর দিয়েছে প্রশাসন। দিনভর শহরের বিভিন্ন জায়গায় যানবাহনে তল্লাশি চালিয়েছে ট্রাফিক পুলিশ। অনুষ্ঠানস্থলে সিসিটিভি ক্যামেরার ব্যবস্থাও রাখা হয়েছে।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)