WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ নভেম্বর: ২০১২ থেকে ২০২৬। কেটে গিয়েছে ১৪ বছর। তবুও মেলেনি চাকরি। বারবার আশ্বাস, প্রশাসনিক দরবার, আন্দোলন—কোনও কিছুতেই সমস্যার সমাধান হয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত বৃহস্পতিবার থেকে ফের আন্দোলনে নামলেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ‘দুর্গাপুর প্রজেক্টস লিমিটেডে’র (ডিপিএল) কর্মরত অবস্থায় মৃত কর্মীদের পরিবারের সদস্যেরা। চাকরির দাবিতে ডিপিএলের মূল ফটকের সামনে শুরু হয়েছে রিলে অনশন। 

আন্দোলনকারীদের দাবি, ২০১২ সালের পরবর্তী সময়ে কর্মরত অবস্থায় বহু ডিপিএল কর্মীর মৃত্যু হলেও তাঁদের পরিবারের কেউ চাকরি পাননি।আন্দোলনকারী বৈশাখী আচার্য বলেন, ‘‘গত ১৪ বছর ধরে চাকরির দাবিতে লড়াই করছি। বারবার আশ্বাস দেওয়া হয়েছে, কিন্তু বাস্তবে কিছুই হয়নি। আগের সরকারের আমলেও আমাদের সমস্যার সমাধান হয়নি। এবার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং দুর্গাপুরের দুই বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় ও লক্ষ্মণচন্দ্র ঘোড়ুইয়ের কাছে দ্রুত হস্তক্ষেপের আবেদন জানাচ্ছি।’’ ডিপিএলের জনসংযোগ আধিকারিক স্বাগতা মিত্র বলেন, ‘‘আন্দোলনকারীদের দাবির প্রতি আমরা সহানুভূতিশীল। তাঁদের সমস্ত কাগজপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে রাখা হয়েছে। সবুজ সংকেত মিললে ব্যবস্থা হবে।’’

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)