দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ সেপ্টেম্বর: মাদকবিরোধী সচেতনতা গড়ে তুলতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের Dr. B. C. Roy Polytechnic-এ আয়োজন করা হল বিশেষ প্রচার অভিযানের। পুলিশ প্রশাসনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে ১৯০ জনেরও বেশি পড়ুয়া ও শিক্ষক-শিক্ষিকা অংশ নেন। মাদকবিরোধী সচেতনতা আরও ধারাবাহিকভাবে চালিয়ে যেতে প্রতিষ্ঠানে গঠন করা হয়েছে Anti-Drug Committee।
এদিন, অনুষ্ঠানের শুরুতেই প্রতিষ্ঠানের অধ্যক্ষ ড. অরিজিৎ কুমার ব্যানার্জি তরুণ প্রজন্মের মধ্যে মাদক ও নেশাজাতীয় পদার্থের অপব্যবহার সম্পর্কে সচেতনতা তৈরির প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন। মাদকের প্রভাব শুধু একজন ব্যক্তির জীবনেই সীমাবদ্ধ থাকে না, পরিবার ও বৃহত্তর সমাজেও তার প্রভাব পড়ে বলে মন্তব্য করেন তিনি।
পড়ুয়াদের সঙ্গে সরাসরি মতবিনিময় করেন বিধাননগর ফাঁড়ির আধিকারিক সৌমেন কুন্ডু এবং সুরজিৎ ভট্টাচার্য। আলোচনায় মাদক সেবনের ক্ষতিকর প্রভাবের পাশাপাশি অবৈধ মাদক পাচারের সঙ্গে যুক্ত চক্র নিয়েও আলোচনা হয়। মাদকবিরোধী লড়াইয়ে ব্যক্তিগত সচেতনতার পাশাপাশি পরিবার ও বন্ধুদের প্রতিও দায়িত্বশীল থাকার বার্তা দেন তাঁরা।
এরপর পুলিশ বিভাগের উদ্যোগে তৈরি একটি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র দেখানো হয়। মাদকাসক্তির সম্ভাব্য পরিণতি এবং সময়মতো সচেতন সিদ্ধান্ত নেওয়ার গুরুত্ব চলচ্চিত্রটির মাধ্যমে তুলে ধরা হয়। বিশেষ করে সমবয়সীদের চাপ বা ‘peer pressure’-এর পরিস্থিতিতে মাদককে দৃঢ়ভাবে ‘না’ বলার আত্মবিশ্বাস গড়ে তোলার বিষয়ে পড়ুয়াদের উৎসাহিত করা হয়। অনুষ্ঠানের শেষে NSS Cell-এর কনভেনার সোহিনী সামাই ধন্যবাদ জ্ঞাপন করেন।


