দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর: মোবাইলে গুগল ম্যাপ খুলে বাইক চালিয়ে যাচ্ছিলেন যুবক। ম্যাপে দেখানো রাস্তা যে তাঁকে বিপদের দিকে নিয়ে যাচ্ছে, তা বুঝে ওঠার আগেই বাইক-সহ গভীর খাদে পড়ে যান তিনি। গুরুতর জখম অবস্থায় সেখানেই পড়ে থাকতে হয় গোটা রাত। শনিবার সকালে পুলিশ তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে।
ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের পাণ্ডবেশ্বরের ভাঁটমুড়া মহালক্ষ্মী এলাকার। আহত যুবক প্রসূন বন্দ্যোপাধ্যায় কাঁকসার বনকাটি গ্রাম পঞ্চায়েতের ডাঙাল এলাকার বাসিন্দা এবং পেশায় কেবল অপারেটর। জানা গিয়েছে, শুক্রবার রাতে বাইক নিয়ে যাচ্ছিলেন প্রসূন। পথ চিনতে মোবাইলে গুগল ম্যাপ ব্যবহার করছিলেন তিনি। সেই নির্দেশিত পথ ধরেই এগোতে গিয়ে পৌঁছে যান পরিত্যক্ত খনি এলাকার রাস্তায়।
অন্ধকারে রাস্তার ভেঙে যাওয়া অংশ নজরে আসেনি। এরপরই বাইক-সহ খাদে পড়ে গুরুতর জখম হন তিনি। রাতে বাড়ি না ফেরায় উদ্বিগ্ন হয়ে ওঠে পরিবার। যোগাযোগ করতে না পেরে পুলিশের দ্বারস্থ হন তাঁরা। মোবাইলের লোকেশন ট্র্যাক করে পুলিশ জানতে পারে, প্রসূনের ফোনের অবস্থান খনি এলাকার মধ্যে।
শনিবার সকালে ঘটনাস্থলে গিয়ে পুলিশ দেখতে পায় খাদে পড়ে রয়েছে বাইক। কিছুটা দূরে জখম অবস্থায় পড়ে ছিলেন প্রসূন। তাঁকে উদ্ধার করে দ্রুত দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে সেখানেই তাঁর চিকিৎসা চলছে। খনি কর্তৃপক্ষের দাবি, ওই রাস্তা দীর্ঘদিন ধরে বন্ধ। কিন্তু গুগল ম্যাপ ভরসা করে বিপদ ডেকে আনলেন প্রসূন।
আরও পড়ুন: মিটার রুমে আগুন, চরম আতঙ্ক সগরভাঙার নীলকণ্ঠ অ্যাপার্টমেন্টে



