দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর: নির্বাচনের আগে দুর্গাপুর পুরসভায় বাড়ছে ওয়ার্ডের সংখ্যা। ৪৩ থেকে বেড়ে পুরসভার ওয়ার্ড হবে ৫৩টি। প্রস্তাবিত ওয়ার্ডগুলির সীমানা, জনসংখ্যা ও ভোটারের সংখ্যা নিয়ে শনিবার দুর্গাপুরের মহকুমাশাসকের দফতরে সর্বদলীয় বৈঠক হল। খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলির তরফে একাধিক আপত্তি ও পরামর্শও উঠে এসেছে।
বৈঠকে উপস্থিত ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল এবং পুর কমিশনার আবুল কালাম আজাদ ইসলাম। রাজনৈতিক দলগুলির পক্ষে উপস্থিত ছিলেন কালীঘাট তৃণমূলের উজ্জ্বল মুখোপাধ্যায় ও ধর্মেন্দ্র যাদব, বিজেপির অভিজিৎ দত্ত ও সুমন্ত মণ্ডল, কংগ্রেসের দেবেশ চক্রবর্তী, সিপিএমের বিশ্বরূপ চট্টোপাধ্যায় ও সিদ্ধার্থ বসু এবং বহুজন সমাজ পার্টির প্রতিনিধি।
প্রস্তাবিত বিন্যাসে ১০টি পুরোনো ওয়ার্ডকে ভাগ করে ২০টি ওয়ার্ড করার পরিকল্পনা রয়েছে।
| পুরোনো ওয়ার্ড | প্রস্তাবিত নতুন ওয়ার্ড |
|---|---|
| ১ | ১ ও ২ |
| ৪ | ৫ ও ৬ |
| ১৪ | ১৬ ও ১৭ |
| ২২ | ২৫ ও ২৬ |
| ২৬ | ৩০ ও ৩১ |
| ২৭ | ৩২ ও ৩৩ |
| ২৮ | ৩৪ ও ৩৫ |
| ৩০ | ৩৭ ও ৩৮ |
| ৩৫ | ৪৩ ও ৪৪ |
| ৪৩ | ৫২ ও ৫৩ |
শুধু নতুন ১০টি ওয়ার্ড যুক্ত হওয়াই নয়, পুনর্বিন্যাসের কারণে পুরোনো ওয়ার্ডগুলির নম্বরেরও পরিবর্তন হবে। প্রশাসনিক খসড়া নিয়ে রাজনৈতিক দলগুলির লিখিত মতামত পাওয়ার পরই চূড়ান্ত ছবিটি স্পষ্ট হবে।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


