WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৬ সেপ্টেম্বর: পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০৭তম জন্মজয়ন্তী উপলক্ষে শনিবার দুর্গাপুরে ‘আমাদের শিক্ষক দিবস’-এর আয়োজন করল ক্যামেলিয়া পরিবার। প্রতি বছরের মতো এ বছরও বিদ্যাসাগরের জন্মদিনকে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয়। উদ্যোক্তাদের তরফে কাকলী সেন ও দেবদাস সেন জানান, প্রতি বছর অনুষ্ঠানে নতুনত্ব নিয়ে আসার প্রয়াস থাকে। এবারের অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল ১৮ বছর বয়স পর্যন্ত ছাত্রছাত্রীদের নিয়ে পত্র লেখা প্রতিযোগিতা। বিদ্যাসাগরের জীবন ও তাঁর শিক্ষা-ভাবনাকে সামনে রেখে নিজেদের ভাবনা চিঠির মাধ্যমে তুলে ধরার সুযোগ পায় খুদে থেকে কিশোর প্রতিযোগীরা।

শুধু প্রতিযোগিতাতেই সীমাবদ্ধ ছিল না আয়োজন। অনুষ্ঠানে বিদ্যাসাগর শিক্ষা সহায়তা কেন্দ্রের ৫০ জন ছাত্রছাত্রীর হাতে শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। পড়াশোনার প্রয়োজনীয় সামগ্রী হাতে পেয়ে তাদের মুখে ফুটে ওঠে স্বস্তি ও আনন্দ। আয়োজকদের এই উদ্যোগে বিদ্যাসাগরের শিক্ষাকে সমাজের প্রান্তিক মানুষের কাছে পৌঁছে দেওয়ার ভাবনাটিও যেন নতুন করে সামনে আসে।

এদিনের অনুষ্ঠানে ‘বিদ্যাসাগর স্মৃতি সম্মাননা’ প্রদান করা হয় বিজড়া হাইস্কুলের প্রাক্তন প্রধান শিক্ষক কাজী নিজামউদ্দীনকে। দীর্ঘদিন শিক্ষাক্ষেত্রে তাঁর অবদানের স্বীকৃতি হিসেবেই এই সম্মাননা দেওয়া হয়। কাজী নিজামউদ্দীন বলেন, “পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের নামাঙ্কিত পুরস্কার পেয়ে আমি গর্বিত। উদ্যোক্তাদের ধন্যবাদ জানাই।” দুর্গাপুর চিলড্রেন্স অ্যাকাডেমিতে আয়োজিত এদিনের অনুষ্ঠান শুধু একজন মনীষীর জন্মদিন উদযাপনেই আটকে থাকেনি। চিঠি লেখা, শিক্ষা সামগ্রী প্রদান এবং শিক্ষককে সম্মাননা প্রদান—তিনটি উদ্যোগ মিলিয়ে দিনটি হয়ে ওঠে শিক্ষা ও মানবিকতার এক ছোট্ট উদ্‌যাপন।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!