WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ সেপ্টেম্বর: সমাজের জন্য কিছু করার দায় শুধু প্রতিষ্ঠানের নয়, প্রত্যেক মানুষের। সেই ভাবনাকেই সামনে রেখে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস (APC)-এ পালিত হল NSS দিবস ২০২৬ ও ‘নমোসেবা গাথা’। এনএসএস-এসএফইউ সেলের উদ্যোগে ‘সেবাসঙ্কল্প অভিযান’-এর আওতায় আয়োজিত এই অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের সামনে উঠে এল সামাজিক দায়িত্ব, নাগরিক সচেতনতা এবং মানুষের পাশে দাঁড়ানোর প্রয়োজনীয়তার কথা।

APC-র সেমিনার হলে আয়োজিত অনুষ্ঠানে ছিল NSS সচেতনতা অধিবেশন, কুইজ এবং বিতর্ক প্রতিযোগিতা। শুধু প্রতিযোগিতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, বিভিন্ন সামাজিক বিষয় নিয়ে নিজেদের ভাবনা প্রকাশের সুযোগ পান পড়ুয়ারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুরের ‘ক্লাইমেটিকা ​​ফাউন্ডেশন’-এর সহ-প্রতিষ্ঠাতা অঙ্কিতা চক্রবর্তী, ডা. বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-এর অধ্যক্ষ অধ্যাপক ড. রাজীব রায় এবং এনএসএস কো-অর্ডিনেটর ড. অনিতা নন্দী বর্মন। এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষক-শিক্ষিকা, কর্মী ও শিক্ষার্থীরা।

অধ্যাপক ড. রাজীব রায় বলেন, ”সমাজের প্রতি প্রত্যেকেরই দায়বদ্ধতা রয়েছে। তাঁর কথায়, বিষয়টি শুধু ‘আমি’-কে ঘিরে নয়, বরং ‘আমরা’-কে ঘিরে। সমাজের জন্য কিছু করতে হলে সবাইকে একসঙ্গে ভাবতে হবে।” অঙ্কিতা চক্রবর্তী তাঁর সমাজসেবার দীর্ঘ অভিজ্ঞতার কথা পড়ুয়াদের সঙ্গে ভাগ করে নেন। ২০১৭ সাল থেকে সমাজসেবামূলক কাজের সঙ্গে যুক্ত থাকার অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, ছাত্রজীবন থেকেই সামাজিক দায়িত্ববোধ তৈরি হওয়া জরুরি। সমাজসেবা শুধু স্বেচ্ছায় কিছু কাজ করার মধ্যে সীমাবদ্ধ নয়—এই ক্ষেত্রেও তৈরি হচ্ছে নানা ধরনের পেশাগত সুযোগ। তরুণ প্রজন্মকে সেই সম্ভাবনার কথাও ভাবতে বলেন তিনি।

নিজের চারপাশের সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি করার উপরও জোর দেন অঙ্কিতা। তাঁর বক্তব্যের মূল সুর ছিল, মানুষের জন্য কাজ যেন কেবল কোনও বাধ্যবাধকতা না হয়ে ওঠে; বরং অন্যের জন্য কিছু করার ইচ্ছা থেকেই সেই কাজের শুরু হওয়া উচিত। অনুষ্ঠানের কুইজ ও বিতর্ক প্রতিযোগিতাতেও পড়ুয়াদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। কুইজে প্রথম হন আর্য মুখার্জি (BMLT), অমিত পাল (BCA) এবং রিধিমা সিং টুটেজা (BBA)। দ্বিতীয় স্থান পান সাইমা শহীদ (BOPT), সুমিত প্রামাণিক (BHM) এবং সুতপা ব্যানার্জি (BDS)। তৃতীয় হন দীপঞ্জন চ্যাটার্জি (BMLT), সূর্যদীপ ঘোষ (SCM) এবং শ্রেয়সী ঘোষ (BHM)। বিতর্ক প্রতিযোগিতায় প্রস্তাবের পক্ষে ছিলেন পরিণীতা চক্রবর্তী (BMLT) এবং বিপক্ষে ছিলেন সূর্যদীপ ঘোষ (SCM)। সবশেষে NSS-এর মূলমন্ত্র ‘Not Me, But You’—‘আমি নই, তুমি’-কে সামনে রেখে নতুন করে সেবার অঙ্গীকার নেন অনুষ্ঠানে উপস্থিত সকলে।

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!