WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৪ সেপ্টেম্বর: শহরের জনবহুল এলাকা কিংবা সরু গলিতে আগুন লাগলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছনোই বড় চ্যালেঞ্জ। সেই সমস্যা মোকাবিলায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অগ্নিনির্বাপণ ব্যবস্থায় যুক্ত হল আরও দুটি নতুন ফায়ার টেন্ডার। সিটি সেন্টার ফায়ার স্টেশনে এসেছে একটি বড় এবং একটি ছোট অগ্নিনির্বাপণ যান। বিশেষ করে সরু ও ঘিঞ্জি এলাকায় দ্রুত পৌঁছে আগুন নিয়ন্ত্রণে ছোট গাড়িটি গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে।

রাজ্যের অগ্নিনির্বাপণ ও উদ্ধার পরিষেবা আধুনিকীকরণের উদ্যোগের অংশ হিসেবেই এই নতুন যানগুলি যুক্ত করা হয়েছে। বুধবার কলকাতার রেড রোডে রাজ্যজুড়ে মোট ২২৬টি নতুন অগ্নিনির্বাপণ ও উদ্ধারযানের উদ্বোধন করা হয়। দুর্গাপুরে নতুন দুটি ফায়ার টেন্ডার যুক্ত হওয়ায় জরুরি পরিস্থিতিতে দমকলের প্রস্তুতি আরও বাড়ল। শহরে ইতিমধ্যেই অত্যাধুনিক ল্যাডার-সহ একাধিক অগ্নিনির্বাপণ যান রয়েছে। তার সঙ্গে নতুন যান যুক্ত হওয়ায় বিভিন্ন এলাকায় দ্রুত পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে পরিকাঠামোগত সক্ষমতা বাড়বে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

বৃহস্পতিবার সিটি সেন্টার ফায়ার স্টেশনে নতুন যান ও অন্যান্য পরিকাঠামো পরিদর্শন করেন দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় এবং দমকল আধিকারিকরা। নতুন যান যুক্ত হওয়ায় দুর্গাপুরের অগ্নিনির্বাপণ পরিষেবার সক্ষমতা আরও বাড়বে বলে জানান বিধায়ক। শহরের বাড়তে থাকা জনসংখ্যা, ঘনবসতিপূর্ণ এলাকা এবং সরু রাস্তার কথা মাথায় রেখে দ্রুত অগ্নিনির্বাপণ পরিষেবা পৌঁছে দেওয়ার ক্ষেত্রে নতুন ছোট ফায়ার টেন্ডারটি বিশেষভাবে কার্যকর হবে বলেই মনে করা হচ্ছে। 

আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!