দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৯ সেপ্টেম্বর: তৃণমূলের দলীয় নাম ও প্রতীক নিয়ে নির্বাচন কমিশনের অন্তর্বর্তী সিদ্ধান্তের মধ্যেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের অভিনব রাজনৈতিক কর্মসূচি বিজেপির। শনিবার সকালে সিটি সেন্টারে তৃণমূলের প্রতীকী ‘শ্রাদ্ধ’ করলেন বিজেপি কর্মী-সমর্থকরা। আগুন জ্বালিয়ে করা হল প্রতীকী শেষকৃত্য, পরে আয়োজন করা হয় শ্রাদ্ধশান্তিরও।
নির্বাচন কমিশন সম্প্রতি উপনির্বাচনের জন্য তৃণমূলের ‘অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ঘাস ফুল’ প্রতীক সাময়িকভাবে ফ্রিজ করেছে। দুই গোষ্ঠীকেই আলাদা নাম ও প্রতীক নিয়ে উপনির্বাচনে লড়ার ব্যবস্থা করে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের গোষ্ঠীর জন্য ‘মমতা অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস’ নাম এবং ‘ফুটবল খেলোয়াড়’ প্রতীক বরাদ্দ করা হয়েছে।
শনিবার সিটি সেন্টারে তৃণমূলকে নিশানা করে কর্মসূচি নেয় বিজেপি। আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদের ভবনের সামনে নির্দিষ্ট জায়গায় পুরোহিতকে নিয়ে বসেন বিজেপি নেতা-কর্মীরা। চলে নানা আচার। তারপর আগুন জ্বালিয়ে প্রতীকীভাবে ‘শেষকৃত্য’ সম্পন্ন করা হয়। সেখানেই শেষ নয়। এরপর আয়োজন করা হয় ‘শ্রাদ্ধশান্তি’র। বালি, কয়লা, ডিম রাখা হয় অনুষ্ঠানে। কর্মসূচি চলাকালীন বিজেপি কর্মীদের মুখে শোনা যায়, ‘বল হরি, হরি বোল’ স্লোগান। জেলা বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, তৃণমূলের ‘শেষ বিদায়’ জানাতেই এই আয়োজন।
আরও পড়ুন: গুগল ম্যাপের দেখানো পথে গিয়ে বাইক সহ খাদে, সারারাত ‘নিখোঁজ’ যুবক!


