WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরের মুচিপাড়ায় সরকারি শৌচাগারের পেছনে দীর্ঘদিন ধরে জমে থাকা আবর্জনায় চরম সমস্যায় পড়েছেন যাত্রী, টিকিট কাউন্টারের কর্মী ও অটোচালকরা। তীব্র দুর্গন্ধে নাজেহাল এলাকাবাসী। অভিযোগ, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতার অভাবেই এই পরিস্থিতি। পুর নিগমের পক্ষ থেকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। ভোটের মুখে বিষয়টি নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর-ও।

এসবিএসটিসির টিকিট কাউন্টার রয়েছে পাশেই। সেখানকার এক কর্মী সোনাই মণ্ডল জানান, দুর্গন্ধে কাজ করতে খুব সমস্যায় পড়তে হচ্ছে। ভুগতে হচ্ছে টিকিট কাটতে আসা যাত্রীদেরও। এক অটোচালক অভিযোগ করে বলেন, “শৌচাগার ব্যবহার করার জন্য ফি দিতে হয়। যে সংস্থা চালায়, তারা শুধু এসে টাকা নিয়ে চলে যায়। রক্ষণাবেক্ষণ বা পরিস্কার পরিচ্ছন্ন করার দিতে তাদের কোনও নজর নেই।” শৌচাগারের অস্থায়ী কর্মী পরমেশ্বর রায় বলেন, “ভিতর পরিস্কার করার কাজ আমার। বাইরে কী হচ্ছে তা বলতে পারব না।”

২০১৮ সালে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এই পে অ্যান্ড ইউজ শৌচাগারটি নির্মাণ করেছিল। বিজেপির মুখপাত্র সুমন্ত মণ্ডল বলেন, “শহর দেখার জন্য ৪৩ জন কাউন্সিলরের দরকার। সেখানে বছরের পর বছর নির্বাচন না করিয়ে দুই জনকে বসিয়ে রাখা হয়েছে। তার ফল ভুগতে হচ্ছে শহরবাসীকে। বিধানসভা নির্বাচনে শহরের মানুষ তৃণমূলকে যা বোঝানোর বুঝিয়ে দেবেন।” পুর নিগমের প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান ধর্মেন্দ্র যাদব বলেন, “পুর নিগমের কাজ একটি নিরবিচ্ছিন্ন প্রক্রিয়া। কোথাও কোনও ত্রুটি থাকলে নিশ্চয়ই তা ঠিক করে দেওয়া হবে। বিজেপিকে এত ভাবতে হবে না।” (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)