WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৮ নভেম্বর: সবে সকাল হচ্ছে। রাতভর ডিউটি সেরে বাড়ি ফিরেছিলেন শম্ভুনাথ ঘোষ। কিন্তু বাড়ির দরজার সামনে পৌঁছে যে দৃশ্য তাঁর চোখে পড়ল, তার জন্য একেবারেই প্রস্তুত ছিলেন না তিনি। বাড়ির সামনেই পড়ে রয়েছে এক মহিলার নিথর দেহ। স্থানীয়দের দাবি, ওই মহিলা অন্তঃসত্ত্বা। মুহূর্তের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। শনিবার সাতসকালে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কোকওভেন থানার সগরভাঙা গোপীনাথপুর গ্রামের তাঁতিপাড়ায়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, তাঁতিপাড়ার বাসিন্দা শম্ভুনাথ ঘোষ পেশায় নিরাপত্তারক্ষী। শুক্রবার রাতের ডিউটি শেষ করে শনিবার ভোরে বাড়ি ফিরছিলেন তিনি। সকাল আনুমানিক পৌনে ছ’টা থেকে সাড়ে ছ’টার মধ্যে বাড়ির সামনে পৌঁছে তাঁর নজরে আসে অজ্ঞাতপরিচয় ওই মহিলার দেহ। পরনে শাড়ি থাকলেও তা কিছুটা এলোমেলো অবস্থায় ছিল বলে জানা গিয়েছে। আচমকা এমন দৃশ্য দেখে কার্যত হতভম্ব হয়ে যান শম্ভুনাথ। পরিবারের সদস্যদের ডেকে বিষয়টি জানান তিনি।

এরপরই খবর ছড়িয়ে পড়ে এলাকায়। খবর দেওয়া হয় কোকওভেন থানায়। পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে দেহ উদ্ধার করে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠায়। কিন্তু কে এই মহিলা? কোথা থেকে এলেন তিনি? কীভাবেই বা মৃত্যু হল তাঁর? আর সবচেয়ে বড় প্রশ্ন, কোনওভাবে মৃত্যু হওয়ার পর তাঁর দেহ কি ওই বাড়ির সামনে রেখে গিয়েছে কেউ? আপাতত এই প্রশ্নগুলির উত্তর খুঁজছে পুলিশ।

স্থানীয়রা জানিয়েছেন, ওই মহিলা এলাকার বাসিন্দা নন। ঘটনাস্থলে পৌঁছন বিজেপি নেতৃত্বও। বিজেপি নেতা তেজনারায়ণ পাণ্ডে এই ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানিয়েছেন। তাঁর বক্তব্য, একজন মহিলার দেহ কীভাবে অন্যের বাড়ির দরজার সামনে এল, তা অত্যন্ত উদ্বেগজনক। ঘটনার প্রকৃত কারণ সামনে আসা প্রয়োজন। পুলিশ জানিয়েছে, এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার কাজ শুরু হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলে মৃত্যুর কারণ সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যেতে পারে বলে মনে করছেন তদন্তকারীরা।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)