WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ নভেম্বর: ক্যান্সার চিকিৎসা থেকে শুরু করে জটিল ও অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা—এবার শিল্পাঞ্চলেই গড়ে উঠতে চলেছে ৫০০ শয্যার এক বৃহৎ হাসপাতাল। শুক্রবার অন্ডাল বিমাননগরীতে মিশন হাসপাতালের উদ্যোগে এই ক্যানসার ও সুপার স্পেশ্যালিটি হাসপাতালের শিলান্যাস করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রায় ২০ একর জমির উপর তৈরি হবে এই হাসপাতাল। নির্মাণকাজ শেষ করার লক্ষ্যমাত্রা ধার্য করা হয়েছে ২০২৮ সালের ৩১ ডিসেম্বর।

বিমানবন্দরের কাছাকাছি এই ‘দ্য মিশন ক্যান্সার অ্যান্ড অ্যালায়েড সুপারস্পেশালিটি হাসপাতাল’ এর অবস্থান হওয়ায় জরুরি চিকিৎসার ক্ষেত্রেও বিশেষ সুবিধা মিলবে বলে আশা করা হচ্ছে। গুরুতর অসুস্থ রোগীদের দ্রুত হাসপাতালে পৌঁছে দিতে এয়ার অ্যাম্বুল্যান্স পরিষেবা চালুর পরিকল্পনা রয়েছে। সেই সঙ্গে হাসপাতাল চত্বরেই তৈরি করা হবে হেলিপ্যাড।

শিলান্যাস অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামকৃষ্ণ মিশন আশ্রম, আসানসোলের সম্পাদক ও অধ্যক্ষ স্বামী সোমাত্মানন্দজি মহারাজ, রাজ্যের স্বাস্থ্য মন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায়, নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল, শিল্পমন্ত্রী তাপস রায়-সহ একাধিক মন্ত্রী, সাংসদ ও বিধায়ক। উপস্থিত ছিলেন সাংসদ সৌমিত্র খাঁ, বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি, লক্ষ্মণচন্দ্র ঘোড়ুই, চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়, কৃষ্ণেন্দু মুখোপাধ্যায়-সহ বিশিষ্ট ব্যক্তিরা। স্বাস্থ্য দফতরের সচিব নারায়ণ স্বরূপ নিগমও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। মিশন হাসপাতালের পক্ষ থেকে অতিথিদের সংবর্ধনা জানানো হয়।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী বলেন, স্বাস্থ্য পরিষেবাকে উন্নত করতে সরকারি ও বেসরকারি ক্ষেত্রকে একসঙ্গে কাজ করতে হবে। শুধু ব্যবসা বা বাণিজ্য নয়, চিকিৎসা পরিষেবার সঙ্গে মানবিকতার যোগ থাকা অত্যন্ত জরুরি। স্বামী বিবেকানন্দের মানবসেবার আদর্শের কথা উল্লেখ করে তিনি বলেন, মিশন হাসপাতাল সেই সেবার মনোভাব নিয়েই কাজ করছে। এই হাসপাতালে বিদেশ থেকেও রোগীরা চিকিৎসার জন্য আসেন, যা রাজ্যের কাছে গর্বের বিষয়।

মুখ্যমন্ত্রীর বক্তব্যে উঠে আসে রাজ্যের স্বাস্থ্য পরিকাঠামো সম্প্রসারণের পরিকল্পনাও। তাঁর মতে, কলকাতার পাশাপাশি দুর্গাপুর, আসানসোল এবং নিউ টাউনের মতো শহরগুলিতেও উন্নত চিকিৎসা পরিকাঠামো গড়ে তুলতে হবে। যাতে বাংলার মানুষকে চিকিৎসার জন্য আর ভিনরাজ্যে ছুটতে না হয়। জেলায় মেডিক্যাল কলেজ তৈরির প্রস্তাবের কথাও উল্লেখ করেন তিনি।

মুখ্যমন্ত্রীর মতে, কেবল সরকারি উদ্যোগে স্বাস্থ্য ব্যবস্থার আমূল পরিবর্তন সম্ভব নয়। বেসরকারি হাসপাতালগুলিকেও এগিয়ে আসতে হবে। বর্তমানে বাংলার বহু রোগী উন্নত চিকিৎসার জন্য সিএমসি ভেলোর, মুম্বই কিংবা দেওঘর এইমসের মতো প্রতিষ্ঠানে যাচ্ছেন। রাজ্যের মধ্যেই সেই মানের চিকিৎসা পরিষেবা গড়ে তোলাই সরকারের অন্যতম লক্ষ্য। এ প্রসঙ্গে আদানি গোষ্ঠীর হাসপাতাল প্রকল্পের কথাও তুলে ধরেন তিনি। সেখানে ১,০০০টি বাণিজ্যিক শয্যার পাশাপাশি দরিদ্র রোগীদের জন্য আরও ১,০০০টি শয্যা রাখার পরিকল্পনার কথা জানান।

সবশেষে মুখ্যমন্ত্রী মিশন হাসপাতাল কর্তৃপক্ষকে ২০২৮ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে হাসপাতালটি চালু করার লক্ষ্যমাত্রা সামনে রেখে কাজ এগিয়ে নিয়ে যাওয়ার কথা বলেন তিনি। এই হাসপাতাল বাস্তবায়িত হলে দুর্গাপুর-আসানসোল শিল্পাঞ্চল-সহ আশপাশের জেলার রোগীদের উন্নত ক্যানসার ও বিশেষজ্ঞ চিকিৎসা পরিষেবা পাওয়ার ক্ষেত্রে নতুন সুযোগ তৈরি হবে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, রামকৃষ্ণ মিশনের আদর্শ ‘শিবজ্ঞানে জীবসেবা’—অর্থাৎ মানুষের মধ্যে ঈশ্বরের সেবা—এই ভাবনাকে সামনে রেখেই হাসপাতালের চিকিৎসা পরিষেবা পরিচালিত হবে। রোগীর মর্যাদা, সহমর্মিতা ও মানবিকতাকে সর্বাধিক গুরুত্ব দেওয়া হবে। আর্থিকভাবে পিছিয়ে পড়া এবং প্রান্তিক জনগোষ্ঠীর মানুষেরাও যাতে চিকিৎসার সুযোগ পান, সেদিকেও বিশেষ নজর দেওয়ার কথা জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। মিশন হাসপাতালের তরফে এদিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চেয়ারম্যান ডাঃ সত্যজিৎ বসু, ম্যানেজিং ডিরেক্টর তরুণ ভট্টাচার্য, ভাইস চেয়ারম্যান সিদ্ধার্থ বন্দ্যোপাধ্যায় এবং জয়েন্ট ম্যানেজিং ডিরেক্টর সমিত চট্টোপাধ্যায়।

আরও পড়ুন: ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে উধাও সাড়ে ৫ লক্ষ! মাথায় হাত কাপড় ব্যবসায়ীর

স্বপ্নের র‍্যাম্পে এবার খনি-শিল্পাঞ্চলের মেয়েরা, সুযোগ করে দিল গ্লাম-স্লাম ২০২৬

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)