দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান (Paschim Bardhaman) জেলার দুর্গাপুরের ১৬ নম্বর ওয়ার্ডের ধান্ডাবাগ এলাকায় নাগরিক পরিষেবার বেহাল দশা ও কাজের দাবি জানিয়ে প্রায় ৩০০ পরিবার শাসক দল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছেন বলে দাবি করেছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। যদিও এই দাবি সম্পূর্ণ অস্বীকার করে পাল্টা কটাক্ষ করেছে তৃণমূল নেতৃত্ব।
শনিবার সন্ধ্যায় ধান্ডাবাগের বাগদি পাড়ায় বিজেপির উদ্যোগে একটি সভার আয়োজন করা হয়। সভায় উপস্থিত মহিলাদের বক্তব্য, দীর্ঘদিন ধরেই পানীয় জলের সংকট, নিকাশি ব্যবস্থার সমস্যা ও রাস্তাঘাটের বেহাল অবস্থার মধ্যে দিন কাটাতে হচ্ছে। তাঁদের দাবি, এলাকার পুরুষদের অনেকেই নিয়মিত কাজ পান না। এক মহিলা বলেন, “বারবার স্থানীয় দফতরে জানিয়েও কোনও স্থায়ী সমাধান হয়নি। সংসার চালাতে অনেককে বাইরে গিয়ে কাজ করতে হচ্ছে।” এই পরিস্থিতিতেই দলবদলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে তাঁদের বক্তব্য।
(The Mission Hospital. দেশের সেরা চতুর্থ হাসপাতাল এখন দুর্গাপুরে। যোগাযোগ- 8687500500)
বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “প্রায় ৩০০ পরিবার বিজেপিতে যোগ দিয়েছেন। তাঁরা ন্যূনতম নাগরিক পরিষেবাও পাচ্ছেন না বলে জানিয়েছেন। কর্মসংস্থানেরও অভাব রয়েছে। আমরা সরকার গড়তে পারলে দুর্গাপুরে নতুন শিল্প গড়ে তুলে কাজের সুযোগ বাড়ানো হবে।” অন্যদিকে, তৃণমূলের স্থানীয় প্রাক্তন পুর প্রতিনিধি সুশীল চট্টোপাধ্যায় দাবি করেছেন, এই অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন। তাঁর কথায়, “এলাকার বাসিন্দারা রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা পাচ্ছেন। সব সমস্যার তাৎক্ষণিক সমাধান সবসময় সম্ভব না হলেও কাজ চলছে। নাগরিক পরিষেবায় বড় কোনও সমস্যা নেই।” পাশাপাশি তিনি কটাক্ষ করে বলেন, “নির্বাচনের আগে নিজেদের সমর্থকদের নিয়ে দলবদলের নাটক করে প্রচার পাওয়ার চেষ্টা করছে বিজেপি।” (বিশেষ বিশেষ ভিডিও দেখতে DURGAPUR DARPAN ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করুন)


