WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: বিশ্ব স্বাস্থ্য দিবসের মঞ্চে উঠে এক গভীর উদ্বেগের কথা শোনালেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা—চিকিৎসার জন্য সর্বস্ব উজাড় করেও অনেক সময় রোগীর পরিবার হারাচ্ছে প্রিয়জনকে, শুধুমাত্র পরিষেবার মানের ঘাটতির কারণে।

৭ এপ্রিল আয়োজিত এক সেমিনারে এই বাস্তবতার কথাই তুলে ধরেন আইএমসি জুরান মেডেল জয়ী এবং বর্তমানে ‘অ্যাসোসিয়েশন অফ হেলথকেয়ার প্রোভাইডার্স অফ ইন্ডিয়া’-র মহাপরিচালক ডাঃ গিরিধর গ্যানি। ডাঃ বি. সি. রায় একাডেমি অফ প্রফেশনাল কোর্সেস-এর উদ্যোগে ৭ এপ্রিল বিশ্ব স্বাস্থ্য দিবসে দুলাল মিত্র অডিটোরিয়ামে আয়োজিত এই অনুষ্ঠানে তিনি বলেন, “রোগীর পরিবার উন্নত চিকিৎসার আশায় অর্থ ব্যয় করতে প্রস্তুত থাকেন, কিন্তু যদি সেই চিকিৎসার মান যথাযথ না হয়, তার চূড়ান্ত মূল্য দিতে হয় জীবন দিয়ে।”

‘হেলথ কেয়ার কোয়ালিটি’ ক্ষেত্রে বিশেষজ্ঞ হিসেবে পরিচিত ডাঃ গ্যানি এদিন হাসপাতালের পরিষেবার গুণমান, রোগী সুরক্ষা এবং স্বাস্থ্য ব্যবস্থাপনার নানা গুরুত্বপূর্ণ দিক নিয়ে বিস্তারিত আলোচনা করেন। ‘কমিউনিটি বেসড গভর্নেন্স ইন হসপিটালস’ শীর্ষক তাঁর বক্তব্যে উঠে আসে হাসপাতাল ও সমাজের সম্পর্কের প্রয়োজনীয়তা, পাশাপাশি স্বাস্থ্য ব্যবস্থায় জবাবদিহিতার গুরুত্ব।

তিনি মনে করিয়ে দেন, চিকিৎসা বিজ্ঞানের অগ্রগতির ফলে ভারতে গড় আয়ু ৩০ বছর থেকে বেড়ে ৭২ বছরে পৌঁছেছে—যা নিঃসন্দেহে বড় সাফল্য। তবে একই সঙ্গে তিনি উদ্বেগ প্রকাশ করেন স্বাস্থ্যখাতে ব্যয়ের প্রসঙ্গে। তিনি জানান, উন্নত দেশগুলির তুলনায় ভারতে এখনও স্বাস্থ্যখাতে সরকারি ব্যয় অত্যন্ত কম। তাঁর কথায়, “যেখানে যুক্তরাষ্ট্র তাদের জিডিপি-র ১৮ শতাংশ, জার্মানি ১২ শতাংশ এবং ইউরোপ ৭.৬ শতাংশ স্বাস্থ্যখাতে ব্যয় করে, সেখানে ভারত সরকার ব্যয় করে জিডিপি-র ২ শতাংশেরও কম অর্থ।”

অনুষ্ঠানে উপস্থিত ডাঃ বি. সি. রায় একাডেমির অধ্যক্ষ ডাঃ রাজীব রায় স্বাগত ভাষণে গুণগত শিক্ষার পাশাপাশি গুণগত স্বাস্থ্য পরিষেবার গুরুত্ব তুলে ধরেন। ডাঃ বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ সোসাইটির সভাপতি ডাঃ সত্যজিৎ বসু বলেন, “গুণমান নিয়ন্ত্রণ একটি চলমান প্রক্রিয়া—এতে কখনওই শিথিলতা চলতে পারে না।” সেমিনারের শেষপর্বে ধন্যবাদ জ্ঞাপন করেন ‘হসপিটাল ম্যানেজমেন্ট’ বিভাগের প্রধান ডাঃ দেবিকা লায়েক। এই আয়োজন শুধু একটি আলোচনা নয়, বরং স্বাস্থ্য ব্যবস্থাকে আরও মানবিক ও দায়িত্বশীল করে তোলার এক জরুরি বার্তাও পৌঁছে দিল উপস্থিত সকলের কাছে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)