WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: দুর্গাপুরে রাষ্ট্রায়ত্ত সংস্থা বিএসএনএলের কর্মী ছাঁটাইকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি হয়েছে। ডিভিশনের প্রায় ২৫ জন অস্থায়ী কর্মীকে আচমকাই কাজ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। শুধু দুর্গাপুর নয়, রাজ্য জুড়ে এমন ছাঁটাইয়ের সংখ্যা প্রায় আড়াইশো বলে জানা গেছে। এই সিদ্ধান্তের প্রতিবাদে বিএসএনএল কার্যালয়ের সামনে লাগাতার অবস্থান বিক্ষোভ শুরু করেছেন কাজ হারানো কর্মীরা। বিএসএনএল কো-অর্ডিনেশন কমিটির নেতৃত্বে চলা এই আন্দোলনে যোগ দিয়েছেন সংস্থার স্থায়ী ও অবসরপ্রাপ্ত কর্মীরাও।

বিক্ষোভকারীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করলেও হঠাৎ করে ১ এপ্রিল থেকে তাঁদের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। কর্মীদের একাংশের বয়স ৫০-৫৫ বছরের মধ্যে হওয়ায় নতুন করে কাজ পাওয়া প্রায় অসম্ভব বলেই আশঙ্কা তাঁদের। সংস্থার অভ্যন্তরীণ সূত্রের দাবি, আর্থিক পরিস্থিতির কারণে কর্মী সংকোচনের নীতি নেওয়া হয়েছে, যার জেরেই ঠিকা কর্মীদের উপর এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। এদিকে, বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজাও শুরু হয়েছে। দুর্গাপুরে এক দলীয় কর্মসূচিতে যোগ দিয়ে বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ জানান, দীর্ঘদিন ধরে কাজ করা অস্থায়ী কর্মীদের উপযুক্ত যাচাইয়ের মাধ্যমে স্থায়ী করার কথা ভাবা উচিত। অন্যদিকে, তৃণমূলের দুর্গাপুর পূর্বের প্রার্থী প্রদীপ মজুমদার কেন্দ্রের বিজেপি সরকারের বিরুদ্ধে সব রাষ্ট্রায়ত্ত সংস্থা ধ্বংস করার চেষ্টার অভিযোগ তুলেছেন। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)