WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: ত্রিপল, মশারি, খাদ্য সামগ্রী, শাড়ি-সহ ত্রাণের নানা সামগ্রী সাধারণ মানুষকে না দিয়ে ব্যক্তিগত অফিস ঘরের গোডাউনে মজুত করে রেখেছিলেন পশ্চিম বর্ধমান জেলার পাণ্ডবেশ্বরের প্রাক্তন তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। এমন অভিযোগ তুলে শুক্রবার নরেন্দ্রনাথ চক্রবর্তীর কার্যালয়ে ঢুকে পড়েন এলাকার বহু মানুষ। বিপুল সরকারি সামগ্রীর মজুত দেখে অবাক হয়ে যান তাঁরা। সঙ্গে দুটি বিলাসবহুল ঘর। বিজেপির অভিযোগ, ইসিএলের জায়গা দখল করে বেআইনিভাবে কার্যালয় গড়ে তুলেছিলেন প্রাক্তন বিধায়ক।

শুক্রবার অন্ডালের বাঁকোলা এলাকায় নরেন্দ্রনাথের বাসভবন সংলগ্ন একটি গুদামের সামনে জড়ো হন বিক্ষুব্ধ এলাকাবাসী। ছিলেন স্থানীয় বিজেপি কর্মী-সমর্থকেরাও। গুদামের তালা ভেঙে তাঁরা ভিতরে প্রবেশ করেন। সেখানেই দেখা যায় ত্রাণসামগ্রী মজুত করে রাখা হয়েছে। খবর পেয়ে পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী যায়। গুদাম সিল করে দেওয়া হয়েছে।

নরেন্দ্রনাথ দাবি করেন, নির্বাচনের কিছুদিন আগে মহকুমাশাসকের দফতর থেকে ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছিল। নির্বাচন মিটলে বর্ষার আগে দেওয়ার কথা ছিল। এছাড়াও যাঁদের এখনই দরকার, তেমন অনেকেই এসে ত্রাণ সামগ্রী নিয়ে যাচ্ছেন। বিজেপি বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই বলেন, “রাজ্য জুড়ে তৃণমূলের লোকজন দুর্নীতি, কাটমানির শিল্প গড়ে তুলেছিল। এখন একে একে সবাই জেলে যাচ্ছে।”