
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বুধবার এক নাটকীয় ঘটনার সাক্ষী থাকল সাধারণ মানুষ। পাণ্ডবেশ্বর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সন্তোষ পাসোয়ান এবং তাঁর ভাই সন্দীপ পাসোয়ান আগাম জামিনের জন্য আদালতে এসেছিলেন। ২০২১ সালের ভোট-পরবর্তী সহিংসতার একটি মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে।
পরিবারের দাবি, আদালতে যাওয়ার আগে সিটি সেন্টার বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকাকালীন কয়েকজন ব্যক্তি জোর করে দুই ভাইকে একটি গাড়িতে তুলে নিয়ে যান। সন্তোষদের বাবা প্রকাশ পাসোয়ানের অভিযোগ, ওই ব্যক্তিরা স্থানীয় বিজেপি কর্মী-সমর্থক ছিলেন। তাঁর বক্তব্য, পুলিশ পৌঁছানোর আগেই দুই ছেলেকে নিয়ে যাওয়া হয় এবং তিনি বুঝতেই পারেননি তাঁদের কোথায় নিয়ে যাওয়া হচ্ছে।
অন্যদিকে, স্থানীয় কিছু বিজেপি কর্মীর দাবি, এলাকায় বহু মানুষের উপর অত্যাচার ও ভয়ভীতি প্রদর্শনের অভিযোগ রয়েছে দুই ভাইয়ের বিরুদ্ধে। তাঁদের বক্তব্য, পুলিশি প্রক্রিয়ার মধ্যেই বিষয়টি তুলে ধরার উদ্দেশ্যেই তাঁরা পদক্ষেপ করেছিলেন। কয়েকজন অভিযোগকারী জানান, অতীতে মারধর, তোলাবাজি, ভাঙচুর এবং মহিলাদের সঙ্গে দুর্ব্যবহারের মতো অভিযোগও উঠেছিল তাঁদের বিরুদ্ধে।
তবে সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সন্তোষ ও সন্দীপ। তাঁদের দাবি, তাঁরা এলাকায় ধর্মীয় ও সামাজিক কাজের সঙ্গে যুক্ত। দুটি মন্দির নির্মাণের পাশাপাশি প্রতিদিন বহু মানুষের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়। কোনও ধরনের সন্ত্রাস বা হিংসাত্মক কর্মকাণ্ডের সঙ্গে তাঁদের কোনও সম্পর্ক নেই বলেই দাবি তাঁদের।
পানাগড়ে লাইনচ্যুত মালগাড়ির চারটি বগি, বন্ধ রেলগেট
এরই মধ্যে পাণ্ডবেশ্বরের দিকে যাওয়ার পথে দুর্গাপুরের ইছাপুর সবুজ নগর এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছে ধাক্কা মারে। দুর্ঘটনায় চালক-সহ মোট ছয়জন আহত হন। গুরুতর জখম অবস্থায় সন্তোষ ও সন্দীপকে মলানদিঘীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত দুই মহিলার চিকিৎসা চলছে দুর্গাপুর মহকুমা হাসপাতালে। অন্য এক যুবক সামান্য আঘাত পেয়েছেন। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বলে জানা গিয়েছে।
পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করেছে এবং গোটা ঘটনার তদন্ত শুরু করেছে। রাজনৈতিক অভিযোগ, পাল্টা অভিযোগ ও দুর্ঘটনার জেরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার সমস্ত দিক খতিয়ে দেখে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে পুলিশ।

