WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: স্বাস্থ্য সচেতনতা এবং পরিবেশ রক্ষার বার্তা ছড়িয়ে দিতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে অনুষ্ঠিত হল ‘অস্মিতা সাইকেল র‌্যালি ২০২৬’। উদ্যোগে ছিল West Bengal Cycling Association এবং কমলপুরের পূর্ভ ইন্টারন্যাশনাল স্কুল। এই আয়োজনে সহযোগিতা করে Khelo India, Fit India Movement এবং Cycling Federation of India

র‌্যালির মূল লক্ষ্য ছিল নিয়মিত শরীরচর্চার গুরুত্ব তুলে ধরা এবং পরিবেশবান্ধব যাতায়াত ব্যবস্থাকে উৎসাহিত করা। পাশাপাশি জ্বালানির ব্যবহার কমিয়ে দূষণমুক্ত ও সবুজ পরিবেশ গড়ে তোলার বার্তাও দেওয়া হয় অংশগ্রহণকারীদের মাধ্যমে।

এদিনের কর্মসূচিতে প্রায় ১১০ জন সাইক্লিস্ট অংশ নেন। তাঁদের মধ্যে ছিলেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের পড়ুয়া, সরকারি ও বেসরকারি সংস্থার কর্মী, অপেশাদার এবং পেশাদার সাইক্লিংপ্রেমীরা। র‌্যালিটি শুরু হয় গান্ধী মোড় থেকে। প্রায় ৭ কিলোমিটার পথ অতিক্রম করে অংশগ্রহণকারীরা পুনরায় একই স্থানে ফিরে এসে র‌্যালি শেষ করেন।

অনুষ্ঠানের শেষে কৃতী অংশগ্রহণকারীদের সংবর্ধনা জানানো হয় এবং তাঁদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। আয়োজকদের মতে, ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগের মাধ্যমে সুস্থ জীবনযাপন ও পরিবেশ সচেতনতার বার্তা আরও বৃহত্তর পরিসরে ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে।