WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর:  পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ‘দুর্গাপুর প্রজেক্টস লিমিটেড’ (ডিপিএল)-এর অস্থায়ী শ্রমিকদের বিভিন্ন দাবি-দাওয়া সামনে রেখে বুধবার প্রশাসনিক ভবনের সামনে বিক্ষোভ কর্মসূচি পালন করল ভারতীয় মজদুর সংঘ (বিএমএস)। এদিন আন্দোলনকারীরা প্রশাসনিক ভবনের মূল গেট অবরোধ করে বিক্ষোভ দেখান। ফলে কিছু সময়ের জন্য এলাকায় উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিক্ষোভে অংশ নেওয়া শ্রমিকদের অভিযোগ, রাজ্যে সরকার পরিবর্তন হলেও ডিপিএলে শ্রমিক-বিরোধী নীতির তেমন পরিবর্তন হয়নি। তাঁদের দাবি, অস্থায়ী কর্মীদের এখনও যখন-তখন বদলি করা হচ্ছে, কাজের স্থায়িত্ব নেই এবং দীর্ঘদিন ধরে একাধিক ক্ষেত্রে তাঁরা বঞ্চনার শিকার হচ্ছেন।

বিএমএসের পক্ষ থেকে একাধিক দাবি তুলে ধরা হয়। সংগঠনের দাবি, ডিপিএল হাসপাতালের ইনডোর বিভাগ অবিলম্বে পুনরায় চালু করতে হবে। পাশাপাশি, সরকারি নির্ধারিত হারে অস্থায়ী শ্রমিকদের বেতন প্রদান, কর্মসংস্থানের নিরাপত্তা নিশ্চিত করা এবং দীর্ঘদিনের বকেয়া বিভিন্ন দাবি দ্রুত মেনে নেওয়ার আবেদন জানানো হয়।

আন্দোলনকারীদের বক্তব্য, শ্রমিকদের ন্যায্য অধিকার রক্ষায় ডিপিএল কর্তৃপক্ষকে দ্রুত ইতিবাচক পদক্ষেপ করতে হবে। অন্যথায় আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলনের পথে নামতে বাধ্য হবেন তাঁরা।

বিক্ষোভ কর্মসূচি শেষে বিএমএসের প্রতিনিধিরা ডিপিএল কর্তৃপক্ষের হাতে দাবিপত্র-সহ একটি স্মারকলিপি জমা দেন। সংগঠনের পক্ষ থেকে স্পষ্ট জানানো হয়, দাবিগুলি উপেক্ষিত হলে ভবিষ্যতে আরও জোরদার আন্দোলন গড়ে তোলা হবে।

রাতের অন্ধকারে বাড়িতে হামলা, চরম আতঙ্কে বেনাচিতির রায় পরিবার

মাথার উপর ঝুলছে বিপদ! চাঙড় ভাঙা জলাধার ঘিরে আতঙ্কে শ্রীনগরপল্লীর বাসিন্দারা

মুখ্যমন্ত্রীর নামে আপত্তিকর ‘পোস্ট’! দুর্গাপুরে গ্রেফতার যুবক

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

এদিন কর্মসূচিতে উপস্থিত বিজেপি নেতা অসীম প্রামাণিক অভিযোগ করে বলেন, “তৃণমূল আমলে চরম দুর্নীতি হয়েছে। ডিপিএলের অনেক আধিকারিক এখনও তৃণমূলের হয়ে কাজ করছেন। সেই সংস্কৃতি আর চলবে না। শ্রমিকদের ন্যায্য দাবি দ্রুত মেনে নিতে হবে এবং এলাকার মানুষের স্বার্থে কাজ করতে হবে।”

যদিও বিএমএস এর এই অভিযোগের বিষয়ে ডিপিএল কর্তৃপক্ষ বা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।