WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: পশ্চিম বর্ধমান জেলার কাঁকসা থানার গোপালপুরে একটি তৃণমূল শ্রমিক সংগঠনের দলীয় কার্যালয় থেকে বিপুল পরিমাণ সরকারি সামগ্রী উদ্ধারের অভিযোগ ঘিরে বুধবার তীব্র রাজনৈতিক উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযোগ, ওই কার্যালয় থেকে বিশ্ববাংলা লোগোযুক্ত প্রায় আড়াইশো ত্রিপল, বস্তা ভর্তি সরকারি মাছের খাবার এবং ব্লিচিং পাউডার উদ্ধার হয়েছে। ঘটনার পর এলাকায় ব্যাপক ভিড় জমে যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করে।

স্থানীয় সূত্রে জানা যায়, অভিযুক্ত কার্যালয়টি তৃণমূল শ্রমিক সংগঠনের সদস্য শিবদাস মণ্ডলের দখলে ছিল বলে অভিযোগ। বুধবার দুপুরে বিজেপির কর্মী-সমর্থকরা কার্যালয়টি খুলে দেখেন, ভিতরে স্তূপ করে রাখা রয়েছে বিশ্ববাংলা লোগোযুক্ত বিপুল সংখ্যক ত্রিপল। পাশাপাশি সেখানে সরকারি প্রকল্পে ব্যবহারের জন্য নির্ধারিত মাছের খাবারের একাধিক বস্তা এবং ব্লিচিং পাউডারও দেখতে পাওয়া যায় বলে দাবি করা হয়েছে।

ঘটনার খবর মুহূর্তের মধ্যে এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ভিড় জমান। উদ্ধার হওয়া সামগ্রীগুলি সরকারি ত্রাণ ও সরকারি প্রকল্পের জন্য বরাদ্দ কি না এবং কীভাবে সেগুলি একটি দলীয় কার্যালয়ে পৌঁছাল, তা নিয়ে নানা প্রশ্ন উঠতে শুরু করে।

ক্ষুব্ধ স্থানীয় বাসিন্দারা শিবদাস এবং আর এক তৃণমূল নেতা মানস দত্তকে বাড়ি থেকে বের করে এনে মারধর ও ‘ডিম থেরাপি’ দেয় বলে অভিযোগ। পুলিশ গিয়ে তাঁদের উদ্ধার করে থানায় নিয়ে যায়। দু’জনেই অভিযোগ অস্বীকার করেছেন। 

দুর্গাপুরে কারখানার গেটে আন্দোলন তুলতে পুলিশ ও বিক্ষোভকারীদের মধ্যে তুমুল ধস্তাধস্তি

দুর্গাপুরে অটোচালকদের সতর্ক করল ট্রাফিক পুলিশ, নিয়ম ভাঙলেই কড়া ব্যবস্থা

লাদাখে ৬১০০ মিটার শৃঙ্গ জয়! মাউন্ট কাইগরের শিখরে দুর্গাপুরের কালীসাধন

স্থানীয় বাসিন্দাদের বক্তব্য, দীর্ঘদিন ধরে সরকারি সম্পত্তি ও সরকারি প্রকল্পের সামগ্রী আত্মসাৎ করা হয়েছে। তার কিছু অংশ সামনে এসেছে। ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা এবং গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা। বিজেপির অভিযোগ, শিবদাস মণ্ডল দীর্ঘদিন ধরে এলাকায় প্রভাবশালী তৃণমূল নেতা হিসেবে পরিচিত। তাঁদের দাবি, তাঁর বিরুদ্ধে সরকারি জমি দখল করে দলীয় কার্যালয় নির্মাণের অভিযোগও রয়েছে।

পাশাপাশি, স্থানীয় পঞ্চায়েতের প্রধান শ্রীনন্দা রায় মহান্তি এবং উপপ্রধান গণেশ মণ্ডলের মদতে বিভিন্ন অনিয়ম হয়েছে বলেও অভিযোগ তুলেছে বিরোধী শিবির। কয়েক কোটি টাকার সম্পত্তির মালিক হওয়া নিয়েও প্রশ্ন তুলেছেন বিজেপি নেতৃত্ব। এদিন শ্রীনন্দা রায় মহান্তির বাড়িতে উত্তেজিত জনতা ভাঙচুর চালায় বলে অভিযোগ।