
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর: তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্যকে ঘিরে সোমবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বিক্ষোভে ফেটে পড়লেন বিজেপি কর্মী-সমর্থকেরা। সরকারি কলেজের কাছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে, ডিম ছুড়ে এবং বিক্ষোভ প্রদর্শনের মাধ্যমে তাঁরা প্রতিবাদ জানান।
বিজেপির দাবি, অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্প্রতি মন্তব্য করেছিলেন, ২০৩১ সালে সরকার বদলালে বিজেপির একটিও পার্টি অফিস আস্ত থাকবে না। এই মন্তব্যকে গণতান্ত্রিক সংস্কৃতির পরিপন্থী এবং রাজনৈতিক হুমকি বলে অভিযোগ তুলেছে গেরুয়া শিবির। সেই বক্তব্যের প্রতিবাদেই দুর্গাপুরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
সোমবার দুপুরে সরকারি কলেজ সংলগ্ন এলাকায় জড়ো হন বিজেপির কর্মী-সমর্থকেরা। স্লোগান দিতে দিতে তাঁরা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবিতে জুতোর মালা পরিয়ে প্রতীকী প্রতিবাদ জানান। পাশাপাশি ছবিতে ডিম নিক্ষেপও করা হয়।
আরও পড়ুন: আসানসোল-দুর্গাপুর মেট্রো প্রকল্পের সমীক্ষার দায়িত্ব পেল ‘রাইটস’
দেড় লক্ষ শ্রমিকের মুখে হাসি ফেরালো রাজ্য সরকারের শ্রম দফতর
পাণ্ডবেশ্বরের বিজেপি বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি অভিষেককে কটাক্ষ করে বলেন, “উনি চাঁদে গিয়ে বসবাস করুন। কারণ চাঁদে বিজেপির কোনও পার্টি অফিস নেই। আর, চাঁদে বিজেপির কোনও পার্টি অফিস তৈরি করার পরিকল্পনাও নেই। পৃথিবীতে থাকলে সেটা সম্ভব হবে না।”

