
তিন বছরের মজুরি চুক্তিতে বাড়ছে বেতন-সুবিধা
দুর্গাপুর দর্পণ, কলকাতা: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে স্পঞ্জ আয়রন, ফেরো অ্যালয়, ইন্ডাকশন ফার্নেস ও রোলিং মিল শিল্পের শ্রমিকদের জন্য নতুন মজুরি চুক্তি কার্যকর হল। শনিবার রাজ্য সরকারের শ্রম দফতরের উদ্যোগে ত্রিপাক্ষিক বৈঠকে তিন বছরের চুক্তিতে সই হওয়ায় রাজ্যের প্রায় ২০০টি কারখানার দেড় লক্ষেরও বেশি শ্রমিক ও তাঁদের পরিবার স্বস্তির খবর পেলেন।
বৃদ্ধদের আশ্রয় গড়তে ১০ কাঠা জমি দান দুর্গাপুরের অবসরপ্রাপ্ত সেনাকর্মীর
চুক্তিতে কারখানার কর্মপরিবেশ উন্নত করার বিষয়েও কড়া নির্দেশ রয়েছে। কারখানা আইনের নিয়ম মেনে নিরাপদ পানীয় জল, পর্যাপ্ত শৌচাগার, নিরাপত্তা ব্যবস্থা এবং শ্রম আইন ও ক্ষতিপূরণ আইন যথাযথভাবে কার্যকর করার ওপর জোর দেওয়া হয়েছে। পাশাপাশি শিল্প ইউনিটগুলিকে দূষণ নিয়ন্ত্রণের সমস্ত নির্দেশিকা মেনে চলার কথাও উল্লেখ করা হয়েছে।
ভারতীয় মজদুর সংঘের কেন্দ্রীয় নেতা জয়নাথ চৌবে বলেন, প্রথম বৈঠক হয়েছিল ২৯ জুন। দ্বিতীয় বৈঠকেই দীর্ঘ আলোচনার পর অবশেষে চুক্তি চূড়ান্ত হয়েছে। তাঁর অভিযোগ, বিভিন্ন কারণে শিল্প মালিকদের একাংশ চুক্তি পিছিয়ে দেওয়ার চেষ্টা করেছিলেন।
অন্যদিকে, ওয়েস্ট বেঙ্গল আয়রন অ্যান্ড স্টিল ম্যানুফ্যাকচারার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের সভাপতি শঙ্করলাল আগরওয়াল বলেন, বর্তমানে শিল্পের বাজার পরিস্থিতি খুব একটা ভালো নয়। তবুও শ্রমিকদের স্বার্থের কথা মাথায় রেখেই মজুরি বৃদ্ধি এবং নতুন চুক্তিতে সম্মতি দেওয়া হয়েছে।
নতুন এই চুক্তির ফলে শুধু শ্রমিকদের আয়ই বাড়বে না, তাঁদের কর্মজীবনের নিরাপত্তা, সামাজিক সুরক্ষা এবং কর্মপরিবেশেরও উল্লেখযোগ্য উন্নতি হবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল।

