
শিল্পচর্চায় নতুন সংযোজন
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ আগস্ট: শিল্পচর্চা, সাহিত্য ও মননশীল আলোচনার আবহে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে সম্প্রতি প্রকাশিত হল শিল্পবিষয়ক প্রবন্ধ পত্রিকা ‘মূর্ত বিমূর্ত’-এর চতুর্থ সংখ্যা। আনুষ্ঠানিকতার চেয়ে আন্তরিকতাকেই গুরুত্ব দিয়ে পত্রিকা সম্পাদক, চিকিৎসক শর্মিষ্ঠা দাস নিজের বাড়িতে ঘরোয়া পরিবেশে প্রকাশ অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পত্রিকার লেখক, শিল্পী এবং দীর্ঘদিন সাহিত্যপত্র সম্পাদনার সঙ্গে যুক্ত কয়েকজন বিশিষ্টজন। তবে দূরত্বের কারণে সব লেখক উপস্থিত থাকতে পারেননি।
শুধুমাত্র শিল্পবিষয়ক প্রবন্ধকে কেন্দ্র করে একটি লিটল ম্যাগাজিন ধারাবাহিকভাবে প্রকাশ করা যে সহজ নয়, সে কথাই উঠে আসে অনুষ্ঠানের আলোচনায়। আয়োজকদের মতে, নানা প্রতিবন্ধকতা সত্ত্বেও পত্রিকার মান অটুট রেখে নিয়মিত প্রকাশের আনন্দই তাঁদের এগিয়ে চলার প্রেরণা।
অনুষ্ঠানের শুরুতেই প্রচলিত উদ্বোধনী সঙ্গীতের পরিবর্তে কবিগুরু রবীন্দ্রনাথের ‘নৃত্যের বশে সুন্দর হল বিদ্রোহী পরমাণু’ ভাবনাকে কেন্দ্র করে নৃত্য পরিবেশন করেন শিল্পী অম্বিকা ভান্ডারী। তাঁর পরিবেশনা উপস্থিত সবাইকে মুগ্ধ করে।
পত্রিকার চতুর্থ সংখ্যার আবরণ উন্মোচন করেন অধ্যাপিকা জয়ন্তী সাহা, দুর্গাপুর মহকুমা গ্রন্থাগারিক সুস্মিতা বসু গোস্বামী এবং প্রাক্তন মহকুমা গ্রন্থাগারিক সুতপা ভুঁই।
এরপর শিল্প, সাহিত্য নিয়ে প্রাণবন্ত আলোচনা এবং আড্ডায় জমে ওঠে অনুষ্ঠান। গুরুগম্ভীর আলোচনার মাঝেই কাকলি ও দেবদাস রবীন্দ্রনাথ ঠাকুরের শ্রুতিনাটক ‘ভুল স্বর্গ’ পরিবেশন করেন। তাঁদের উপস্থাপনা অনুষ্ঠানে ভিন্ন মাত্রা যোগ করে এবং ‘মূর্ত বিমূর্ত’-এর সৃজনচিন্তার স্বতন্ত্র চরিত্রকেই যেন নতুনভাবে তুলে ধরে।
আরও পড়ুন: দুর্গাপুরে মাত্র ১ টাকায় টিউশন পড়ার সুযোগ!
পত্রিকার সম্পাদক এই সংখ্যার জন্য লেখকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাশাপাশি মুদ্রণ-পর্বের দায়িত্ব নিষ্ঠার সঙ্গে সামলানোর জন্য অতনু রায়ের বিশেষ অবদানের কথাও উল্লেখ করেন। এছাড়া আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী সুশোভন অধিকারীকে বিশেষ ধন্যবাদ জানানো হয়। ব্যস্ততার মধ্যেও তিনি দীর্ঘ সময় ধরে একটি বিস্তৃত সাক্ষাৎকার দিয়েছেন, যা এই সংখ্যার অন্যতম আকর্ষণ এবং ভবিষ্যতের পাঠকদের জন্য মূল্যবান দলিল হয়ে থাকবে বলে মনে করেন সম্পাদক।
অনুষ্ঠানের শেষে শিল্পচর্চার সামাজিক গুরুত্বের উপর জোর দিয়ে আয়োজকদের বক্তব্য, শিল্প মানুষের মনকে পরিশুদ্ধ করে, দৃষ্টিভঙ্গিকে সমৃদ্ধ করে। তাই আরও বেশি মানুষ যেন শিল্পকে দেখেন, বোঝেন এবং অনুভব করেন— সেই আহ্বানই জানানো হয় এই আয়োজনের মাধ্যমে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


