
জোরপূর্বক রোজগারের টাকা কেড়ে নেওয়া, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১ আগস্ট: নকল হিজড়েদের দাপট, জোরপূর্বক রোজগারের টাকা কেড়ে নেওয়া, শারীরিক নির্যাতন এবং প্রাণনাশের হুমকির অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী ও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ জানালেন পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর-সহ রাজ্যের অন্যান্য জেলার তৃতীয় লিঙ্গের প্রতিনিধিরা। তাঁদের দাবি, প্রকৃত বৃহন্নলা বা হিজড়ে সম্প্রদায়ের অস্তিত্ব ও জীবিকা আজ সংকটের মুখে।
অভিযোগকারীদের মধ্যে রয়েছেন দুর্গাপুরের রিয়া দত্ত, পাণ্ডবেশ্বরের মোনা দাস, দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরের বাবলি পোদ্দার এবং মুর্শিদাবাদের রহিম শেখ-সহ আরও কয়েকজন। অভিযোগপত্রে তাঁরা দাবি করেছেন, অন্ডালের রয়্যালটি মোড়কে কেন্দ্র করে একদল ব্যক্তি নিজেদের হিজড়ে সমাজের প্রতিনিধি বলে পরিচয় দিচ্ছেন। কিন্তু তাঁরা প্রকৃতপক্ষে তৃতীয় লিঙ্গের প্রতিনিধি নন। রাজনৈতিক প্রভাব খাটিয়ে তাঁরা স্থানীয় হিজড়ে সম্প্রদায়ের উপর আধিপত্য বিস্তার করছেন এবং তাঁদের রোজগারের একটি বড় অংশ জোর করে আদায় করছেন বলে অভিযোগ।
দুর্গাপুরের রিয়া দত্ত বলেন, “আমাদের কাছে খবর রয়েছে, বিহার এমনকি বাংলাদেশ থেকে পুরুষদের এনে তাঁদের লিঙ্গ পরিবর্তন করিয়ে বা হিজড়ে পরিচয়ে এই পেশায় নামানো হচ্ছে। এরপর তাঁদের দিয়ে বিভিন্ন এলাকায় টাকা তোলা হচ্ছে। আমরা প্রতিবাদ করলে আমাদের মারধর করা হচ্ছে, প্রাণে মেরে ফেলার হুমকি দেওয়া হচ্ছে।”
তাঁর আরও অভিযোগ, এই চক্রের নেতৃত্বে রয়েছেন অন্ডালের রয়্যালটি মোড়ের এক বাসিন্দা, যাঁর পদবী তেওয়ারি। অভিযোগকারীদের দাবি, তাঁর আধার কার্ডে পুরুষ পরিচয় থাকলেও তিনি নিজেকে হিজড়েদের সর্দার হিসেবে পরিচয় দিয়ে স্থানীয় প্রকৃত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের উপর দাপট দেখাচ্ছেন। তাঁর নেতৃত্বে একটি দল স্থানীয় হিজড়েদের কাছ থেকে জোর করে টাকা আদায় করছে বলেও অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: সাতসকালে দুর্গাপুরে NIA-এর হানা! নিউ স্টিল পার্ক থেকে গ্রেফতার এক ব্যক্তি
দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?
দুর্গাপুরে মাত্র ১ টাকায় টিউশন পড়ার সুযোগ!
অভিযোগকারীদের আরও দাবি, এই চক্রের বিরুদ্ধে মুখ খুললেই ভয়ঙ্কর পরিণতির মুখে পড়তে হচ্ছে। হিজড়ে সম্প্রদায়ের অধিকার নিয়ে কাজ করা একটি স্বেচ্ছাসেবী সংস্থার কর্ণধার স্বাতী বন্দ্যোপাধ্যায় বলেন, “অন্ডালের ওই তথাকথিত সর্দারের অত্যাচারে স্থানীয় প্রকৃত হিজড়েরা চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। তাঁদের উপর হামলার ঘটনাও ঘটেছে। একাধিক ক্ষেত্রে পুলিশের সহযোগিতায় তাঁদের উদ্ধার করতে হয়েছে। এই অন্যায়ের বিরুদ্ধে কেউ অভিযোগ করলেই তাঁকে প্রাণনাশের হুমকি দেওয়া হচ্ছে। তাই দ্রুত নিরপেক্ষ তদন্ত হওয়া প্রয়োজন।”
অভিযোগকারীরা আরও দাবি করেছেন, নকল হিজড়েদের একাংশ বিভিন্ন অসামাজিক কার্যকলাপের সঙ্গেও জড়িত। ফলে সাধারণ মানুষের কাছেও প্রকৃত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। পাশাপাশি দীর্ঘদিনের পেশা ও জীবিকাও বিপদের মুখে পড়েছে।
এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রী, পুলিশ কমিশনার-সহ প্রশাসনের বিভিন্ন স্তরে চিঠি পাঠিয়ে অবিলম্বে ঘটনার নিরপেক্ষ তদন্ত, অভিযুক্তদের পরিচয়পত্র ও নথিপত্র যাচাই এবং প্রকৃত তৃতীয় লিঙ্গের প্রতিনিধিদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন অভিযোগকারীরা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


