
‘ভাড়াটিয়ার পরিচয় যাচাই করুন’
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের তপোবন সিটিতে নতুন এমএলএ কার্যালয়ের উদ্বোধনকে কেন্দ্র করে রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি নিরাপত্তার বিষয়েও গুরুত্বপূর্ণ বার্তা দিলেন দুর্গাপুর পূর্ব কেন্দ্রের বিধায়ক চন্দ্রশেখর ব্যানার্জি। অনুষ্ঠানে উপস্থিত আবাসিকদের উদ্দেশে তিনি বাড়ি ভাড়া দেওয়ার ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের আহ্বান জানান।
বিধায়ক বলেন, সম্প্রতি দুর্গাপুর মেনগেট ও বর্ধমানে জঙ্গি কার্যকলাপ-সংক্রান্ত তদন্তে বিভিন্ন তথ্য সামনে এসেছে। এই পরিস্থিতিতে কোনও ব্যক্তিকে বাড়ি ভাড়া দেওয়ার আগে তাঁর পরিচয়পত্র ও প্রয়োজনীয় নথি নিকটবর্তী মলানদিঘি ফাঁড়ি এবং কাঁকসা থানায় জমা দেওয়া উচিত। এতে ভাড়াটিয়ার পরিচয় যাচাই করা সহজ হবে এবং আইনশৃঙ্খলা রক্ষায় প্রশাসনের কাজ করতে সুবিধা হবে।
আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?
বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ
তিনি বাসিন্দাদের উদ্দেশে বলেন, নিরাপত্তার বিষয়টি শুধু প্রশাসনের দায়িত্ব নয়, সাধারণ মানুষেরও সমান ভূমিকা রয়েছে। সামান্য অসতর্কতা ভবিষ্যতে বড় ধরনের সমস্যার কারণ হতে পারে। তাই বাড়ি ভাড়া দেওয়ার আগে পুলিশি যাচাইয়ের প্রক্রিয়া মেনে চলার জন্য তিনি সকলের কাছে আবেদন জানান।
অনুষ্ঠানে উপস্থিত স্থানীয় বাসিন্দারাও বিধায়কের এই বার্তাকে ইতিবাচক হিসেবে দেখেন। তাঁদের মতে, এলাকার নিরাপত্তা নিশ্চিত করতে ভাড়াটিয়ার পরিচয় যাচাইয়ের মতো পদক্ষেপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। প্রশাসনের সঙ্গে নাগরিকদের সমন্বিত উদ্যোগই নিরাপদ পরিবেশ গড়ে তুলতে সহায়ক হবে বলে মত প্রকাশ করেন তাঁরা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

