
বিপাকে ব্যবসায়ীদের একাংশ!
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ আগস্ট: রবিবারের সকাল। ছুটির দিনের ভিড়ে তখন জমজমাট দুর্গাপুরের বেনাচিতি বাজার। ঠিক সেই সময় সরকারি ওজন ও পরিমাপ দপ্তরের আধিকারিকরা পুলিশকে সঙ্গে নিয়ে হঠাৎই শুরু করেন পরিদর্শন। সবজি, মাছ-সহ বাজারের বিভিন্ন অংশে ঘুরে ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন মেশিন এবং সংশ্লিষ্ট নথিপত্র খতিয়ে দেখা হয়।
অভিযান চলাকালীন কয়েকটি দোকানে ব্যবহৃত ওজন মেশিনের বৈধতার মেয়াদ শেষ হয়ে গেলেও তা নবীকরণ করা হয়নি বলে ধরা পড়ে। সংশ্লিষ্ট ব্যবসায়ীদের বিষয়টি জানিয়ে অবিলম্বে নবীকরণের নির্দেশ দেন আধিকারিকরা। পাশাপাশি স্পষ্ট করে জানানো হয়, ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
আরও পড়ুন: শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
দুর্গাপুর পুরসভায় কাটমানি বিতর্ক! জাঁকিয়ে বসেছে দুর্নীতি চক্র?
বেনাচিতিতে বেআইনি নির্মাণে কড়া পুরসভা, ১৫ দিনের মধ্যে ভাঙার নির্দেশ
প্রশাসনের দাবি, ক্রেতারা যাতে সঠিক ওজনের পণ্য পান এবং বাজারে লেনদেনের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় থাকে, সেই লক্ষ্যেই এই বিশেষ অভিযান। শুধু বেনাচিতি বাজার নয়, একই সঙ্গে এদিন দুর্গাপুরের সেন মার্কেটেও অভিযান হয়।
হঠাৎ এই অভিযানে বাজারে কিছু সময়ের জন্য কৌতূহল ও চাঞ্চল্যের পরিবেশ তৈরি হয়। অনেক ব্যবসায়ী স্বতঃস্ফূর্তভাবে নিজেদের ওজন মেশিন ও প্রয়োজনীয় কাগজপত্র পরীক্ষা করিয়ে নেন। অন্যদিকে, নজরদারির এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বহু ক্রেতা। তাঁদের মতে, এমন অভিযান নিয়মিত হলে বাজারে স্বচ্ছতা বাড়বে এবং সাধারণ মানুষের স্বার্থ আরও ভালোভাবে সুরক্ষিত হবে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


