
একটি সতর্ক সিদ্ধান্ত—বাঁচিয়ে দিতে পারে পুরো পরিবারকে
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ আগস্ট: রাস্তায় আচমকাই হাজির যমরাজ। সামনে পড়ে রয়েছে এক তরতাজা যুবকের নিথর দেহ। সেই দেহ আঁকড়ে ধরে বুক চাপড়ে কাঁদছেন মা। চারপাশে দাঁড়িয়ে পথচলতি মানুষ। কয়েক মুহূর্তের জন্য যেন থমকে গেল ব্যস্ত রাস্তা।
কোনও সিনেমার দৃশ্য নয়। পথ নিরাপত্তা সপ্তাহ উপলক্ষে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের মুচিপাড়ায় পথনাটিকা ‘মরণ ফাঁদ’-এর মাধ্যমে এমনই এক মর্মস্পর্শী দৃশ্য তুলে ধরা হল। উদ্দেশ্য একটাই—বাইক ও গাড়িচালকদের মনে করিয়ে দেওয়া, রাস্তায় একটি ভুল সিদ্ধান্তের মূল্য কখনও কখনও দিতে হয় একটি গোটা পরিবারকে।
শনিবার একটি স্বেচ্ছাসেবী সংস্থা এবং মুচিপাড়া ট্রাফিক গার্ডের যৌথ উদ্যোগে এই পথনাটিকার আয়োজন করা হয়। নাটিকায় যমরাজের ভূমিকায় অভিনয় করেন স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি আফতাব হোসেন।
নাটকের কাহিনি ছিল আরও বেশি নাড়া দেওয়ার মতো। মদ্যপ অবস্থায় বাইক চালাচ্ছিলেন এক যুবক। মাথায় ছিল না হেলমেট। আচমকাই দুর্ঘটনা। নিমেষে থেমে গেল একটি জীবন। ছেলের মৃত্যুর খবর যেন কিছুতেই মেনে নিতে পারছেন না মা। মৃতদেহ আগলে তাঁর কান্নায় ভারী হয়ে ওঠে পরিবেশ।
ঠিক সেই সময় আবির্ভাব যমরাজের। মায়ের দিকে তাকিয়ে যমরাজের কণ্ঠে শোনা যায় কঠিন অথচ বাস্তব এক প্রশ্ন—“সময় থাকতে ছেলেকে সতর্ক করেননি কেন? তাহলে আজ এই দিন দেখতে হত না! এখন আর আমার কিছু করার নেই।”
নাটকের এই সংলাপ শুধু অভিনয় নয়, যেন বাস্তব জীবনের প্রতিচ্ছবি। কারণ রাস্তায় বেপরোয়া গাড়ি চালানো, মদ্যপ অবস্থায় স্টিয়ারিং বা বাইকের হ্যান্ডেল ধরা কিংবা হেলমেট ছাড়া রাস্তায় বেরিয়ে পড়ার মতো ছোট ছোট ভুলই কখনও বড় দুর্ঘটনার কারণ হয়ে দাঁড়ায়।
আরও পড়ুন: দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর
শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
একটি দুর্ঘটনায় শুধু একজন মানুষের মৃত্যু হয় না। তাঁর সঙ্গে ভেঙে পড়ে একটি পরিবারের স্বপ্ন। সন্তানের জন্য অপেক্ষা করে থাকা মা-বাবা, স্বামী বা স্ত্রীর ভবিষ্যৎ, সন্তানের মুখ—সবকিছুই এক মুহূর্তে বদলে যেতে পারে।
সেই কথাই সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে চেয়েছে এই পথনাটিকা। প্রচলিত প্রচার বা পোস্টারের বদলে অভিনয়ের মাধ্যমে দুর্ঘটনার পরিণতি চোখের সামনে তুলে ধরার এই উদ্যোগ নজর কাড়ে মুচিপাড়ার ব্যস্ত রাস্তায়।
পথনাটিকা দেখতে থমকে দাঁড়ান বহু পথচলতি মানুষ। কেউ মোবাইলে সেই দৃশ্য ক্যামেরাবন্দি করেন, কেউ আবার নাটকের বার্তা নিয়ে আলোচনা করেন। উপস্থিত ছিলেন ট্রাফিক পুলিশের আধিকারিকেরাও।
আয়োজকদের বার্তা স্পষ্ট—রাস্তায় তাড়াহুড়ো নয়, জীবনের মূল্য সবার আগে। হেলমেট পরা, মদ্যপ অবস্থায় গাড়ি বা বাইক না চালানো এবং ট্রাফিক আইন মেনে চলা—এই সামান্য সচেতনতাই নিশ্চিত করতে পারে নিরাপদ যাত্রা। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)


