WhatsApp Group Join Now
Instagram Group Join Now
ফাঁকা প্লট ঢেকেছে আগাছার জঙ্গলে

অসহায় টাউনশিপের বাসিন্দারা

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৮ আগস্ট: বাইরে থেকে দেখলে অভিজাত আবাসন এলাকা। কিন্তু পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২২ নম্বর ওয়ার্ডের সিটি সেন্টারের বেঙ্গল-অম্বুজা টাউনশিপের একাধিক খালি প্লট ঘিরে এখন তৈরি হয়েছে অন্য ছবি। বছরের পর বছর অব্যবহৃত অবস্থায় পড়ে থাকা জমিগুলি ঢেকে গিয়েছে ঘন ঝোপঝাড়ে। বর্ষায় জমছে জল। আর তার জেরে মশা-মাছির উপদ্রবের পাশাপাশি সাপ, বিছে ও ইঁদুরের আতঙ্কে ভুগছেন স্থানীয় বাসিন্দারা।

প্রায় ১২২ একর জমির উপর ২০০১ সালে গড়ে ওঠে বেঙ্গল-অম্বুজা টাউনশিপ। বাড়ি করবেন বলে জমি নেন অনেকে। অধিকাংশ জমিতে বাড়ি তৈরি হয়। কিন্তু কিছু জমিতে আজও কোনও নির্মাণকাজ হয়নি।

ফলে তালাবন্ধ বা বেড়া দেওয়া সেই জমিগুলিই এখন আগাছা ও ঝোপঝাড়ে কার্যত জঙ্গলের চেহারা নিয়েছে। কোথাও জমে থাকছে বৃষ্টির জল, কোথাও আবার আবর্জনা পড়ে থাকার অভিযোগ। বাসিন্দাদের দাবি, এই পরিস্থিতিই মশা-মাছির বংশবৃদ্ধির অনুকূল পরিবেশ তৈরি করছে। পাশাপাশি ঝোপের আড়াল থেকে সাপ, ইঁদুর এমনকি বিছের উপদ্রবও বাড়ছে।

স্থানীয় বাসিন্দা সদানন্দ মিশ্রের অভিযোগ, খালি প্লটগুলির ঝোপঝাড় ও আবর্জনার কারণে এলাকায় সাপ ও ইঁদুরের আনাগোনা বেড়েছে। মাঝেমধ্যেই সেগুলি আশপাশের বাড়িতে ঢুকে পড়ছে বলেও দাবি তাঁর।

আরও পড়ুন: দুর্গাপুরে গ্রেফতার প্রাক্তন তৃণমূল কাউন্সিলর

শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল

আরেক বাসিন্দা সুচিস্মিতা পান্ডের অভিযোগ, এই সমস্যা নতুন নয়। বছরের পর বছর ধরে বাসিন্দাদের এই পরিস্থিতির মধ্যে থাকতে হচ্ছে। পুরসভাকে একাধিকবার বিষয়টি জানানো হলেও এখনও পর্যন্ত স্থায়ী সমাধান হয়নি বলে দাবি তাঁর।

পরিস্থিতির দ্রুত সমাধানের দাবিতে বৃহস্পতিবার পুরসভায় লিখিত অভিযোগ জমা দিয়েছেন স্থানীয় বাসিন্দা চন্দনা পান্ডে। তাঁর দাবি, খালি প্লটগুলিতে দ্রুত আগাছা পরিষ্কার করতে হবে। একই সঙ্গে জমে থাকা জল বের করার ব্যবস্থা এবং প্রয়োজনীয় কীটনাশক স্প্রে করার দাবিও জানিয়েছেন তিনি।

চন্দনা পান্ডের কথায়, “নিয়মিত কর দিয়েও আমরা একটি পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশে থাকার সুযোগ পাচ্ছি না। পুরসভার অবিলম্বে বিষয়টি দেখা উচিত।” বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন বিধায়ক লক্ষ্মণ ঘোড়ুই। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)