
সরকারি প্রকল্পের সুবিধা নিয়ে ব্যবসা বাড়ানোর আহ্বান
দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১০ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে ছোট ব্যবসায়ী, ভেন্ডর ও ক্ষুদ্র উদ্যোক্তাদের ব্যবসার পরিসর বাড়াতে এবং সরকারি সুযোগ-সুবিধার সঙ্গে তাঁদের পরিচয় করিয়ে দিতে বিশেষ উদ্যোগ নেওয়া হল সোমবার। সিটি সেন্টারের সৃজনী প্রেক্ষাগৃহের বিপিনচন্দ্র সভাগৃহে আয়োজিত হল ‘One Day Vendor Development and Awareness Program’।
Bengal Suburban Chamber of Commerce & Industry, Durgapur-এর উদ্যোগে এবং Ankit Educational Social Welfare Society-এর সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে মূলত ক্ষুদ্র ব্যবসায়ী ও ভেন্ডরদের ব্যবসা পরিচালনা, সম্প্রসারণ এবং সরকারি সহায়তা পাওয়ার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের আবাসন বিভাগের প্রতিমন্ত্রী কলিতা মাঝি-সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরা। আয়োজকদের বক্তব্য, অনেক ভেন্ডর ও ছোট ব্যবসায়ী সরকারি বিভিন্ন প্রকল্প, ঋণ, প্রশিক্ষণ বা ব্যবসা সম্প্রসারণের সুযোগ সম্পর্কে পর্যাপ্ত তথ্য না জানার কারণে সেগুলির সুবিধা নিতে পারেন না। সেই জায়গাতে এই ধরনের সচেতনতা কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে।
আরও পড়ুন: দুর্গাপুরে বিশেষ ভাবে সক্ষম স্কুলছাত্রকে নির্যাতনের অভিযোগ পুলকার চালকদের বিরুদ্ধে
শ্বাসনালীতে ঢুকে গেল ধারালো যন্ত্রাংশ, অস্ত্রোপচার ছাড়াই রোগীকে সুস্থ করল মিশন হাসপাতাল
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে কলিতা মাঝি দুর্গাপুরের বর্তমান শিল্প পরিস্থিতি নিয়ে রাজ্য সরকারের পূর্বতন নীতির সমালোচনা করেন। তিনি বলেন, “তৃণমূল শিল্প কিছু করেনি। দুর্গাপুরকে শেষ করেছে।” তাঁর অভিযোগ, তৃণমূল আমলে দুর্গাপুরের শিল্পক্ষেত্র ধ্বংসের মুখে পড়েছে। তবে ভবিষ্যতে শিল্প ও ব্যবসার প্রসারে রাজ্য সরকার সব ধরনের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন তিনি।
শিল্পাঞ্চল দুর্গাপুরে বড় শিল্পের পাশাপাশি অসংখ্য ছোট ব্যবসা ও ভেন্ডরের উপর নির্ভর করে জীবিকা নির্বাহ করেন বহু মানুষ। তাঁদের ব্যবসা শক্তিশালী হলে স্থানীয় অর্থনীতিও আরও চাঙ্গা হবে—এমনটাই মনে করছেন আয়োজকরা। সেই লক্ষ্যেই ভেন্ডর ও ক্ষুদ্র ব্যবসায়ীদের আরও স্বনির্ভর, সংগঠিত এবং সম্ভাবনাময় করে তোলার বার্তা দেওয়া হয় এদিনের কর্মসূচি থেকে। (বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)

