WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২৭ আগস্ট: পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরে বহুতল ভবনে অগ্নিকাণ্ডের মতো জরুরি পরিস্থিতি মোকাবিলায় আরও এক ধাপ এগোল দমকল বিভাগ। প্রথমবারের মতো দুর্গাপুরের দমকল বাহিনীর নিজস্ব পরিকাঠামোয় যুক্ত হল অত্যাধুনিক বড় ল্যাডার। উঁচু তলায় আগুন লাগলে দ্রুত পৌঁছে অগ্নিনির্বাপণ এবং আটকে পড়া বাসিন্দাদের উদ্ধারে এই ল্যাডার গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলে দমকল সূত্রে জানা গিয়েছে।

বহুতল আবাসনে আগুন লাগলে আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় উঁচু তলায় পৌঁছে বাসিন্দাদের উদ্ধার করা। এতদিন দুর্গাপুর দমকলের নিজস্ব বড় ল্যাডার না থাকায় প্রয়োজন অনুযায়ী দুর্গাপুর বিমানবন্দর কিংবা দুর্গাপুর ইস্পাত কারখানা থেকে ল্যাডার আনতে হত। ফলে জরুরি মুহূর্তে অতিরিক্ত সময় চলে যাওয়ার আশঙ্কা থাকত।

দীর্ঘদিন ধরেই দুর্গাপুরে দমকলে অত্যাধুনিক ল্যাডারের দাবি ছিল। অভিযোগ, আগের রাজ্য সরকারের আমলে একাধিকবার আবেদন জানানো হলেও সেই দাবি পূরণ হয়নি। শেষ পর্যন্ত নতুন সরকার ক্ষমতায় আসার পর দুর্গাপুরের দমকল বাহিনীর হাতে এল এই গুরুত্বপূর্ণ পরিকাঠামো।

নতুন ল্যাডার যুক্ত হওয়ায় শুধু আবাসিক বহুতল নয়, বাণিজ্যিক ভবন এবং অন্যান্য উঁচু নির্মাণে অগ্নিকাণ্ডের ক্ষেত্রেও দ্রুত ব্যবস্থা নেওয়ার সুযোগ বাড়ল। আগুনের উৎসে পৌঁছনোর পাশাপাশি উপরের তলায় আটকে পড়া মানুষকে উদ্ধারের ক্ষেত্রেও এটি দমকল কর্মীদের বাড়তি সক্ষমতা দেবে বলে মনে করা হচ্ছে।

নতুন ল্যাডারটি দেখতে দুর্গাপুরের দমকল কেন্দ্রে যান দুর্গাপুর পূর্বের বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। দমকল আধিকারিকদের সঙ্গে কথা বলে তিনি নতুন সরঞ্জামের কার্যকারিতা ও পরিকাঠামো সম্পর্কে বিস্তারিত খোঁজ নেন।

বিধায়ক বলেন, সাম্প্রতিক সময়ে তারাপীঠ ও কলকাতায় অগ্নিকাণ্ডের মতো ঘটনাগুলির পর বহুতল নির্মাণে অনুমোদন, অগ্নিনিরাপত্তা এবং প্রয়োজনীয় পরিকাঠামো নিয়ে একাধিক প্রশ্ন উঠেছে। তাঁর দাবি, আগের সরকারের সময়ে বহুতল নির্মাণে কীভাবে অনুমোদন দেওয়া হয়েছিল এবং কোথাও অনিয়ম বা দুর্নীতি হয়েছিল কি না, সেই বিষয়গুলিও খতিয়ে দেখা হচ্ছে।

চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য, দুর্গাপুর দমকলের হাতে অত্যাধুনিক বড় ল্যাডার আসা অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ। এর ফলে বহুতলে আগুন লাগার পর দ্রুত উদ্ধার অভিযান শুরু করা এবং আগুন নিয়ন্ত্রণে আনার কাজ আরও কার্যকর হবে। পাশাপাশি আগামী দিনে দুর্গাপুরের দমকল বিভাগের পরিকাঠামো আরও শক্তিশালী করার উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি।

শিল্পনগরীতে একের পর এক উঁচু ভবন তৈরি হওয়ার সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে অগ্নিনিরাপত্তার প্রয়োজনীয়তা। সেই পরিস্থিতিতে দমকলের নিজস্ব বড় ল্যাডার সংযোজন দুর্গাপুরের বিপর্যয় মোকাবিলা ব্যবস্থাকে শক্তিশালী করবে বলে মনে করা হচ্ছে।

আরও পড়ুন: মাঝরাতে রণক্ষেত্র দুর্গাপুর, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের!

সিন্ডিকেট করলে চামড়া তুলে নেব! দুর্গাপুরে কড়া হুঁশিয়ারি পুলিশের

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)