WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ২ সেপ্টেম্বর: একজন পড়ুয়ার সার্বিক বিকাশের জন্য সুস্থ শরীর ও সতেজ মন দরকার। আর সেজন্য খেলাধুলো করা একান্ত জরুরী। সেকথা মাথায় রেখেই পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ডা. বি. সি. রায় ইঞ্জিনিয়ারিং কলেজ (BCREC)-এর ২০২৬-২৭ শিক্ষাবর্ষের পড়ুয়াদের জন্য সম্প্রতি আয়োজন করা হয় ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’ (Khelega Bharat, Jitega Bharat) কর্মসূচী।

২৮ আগস্ট কলেজের মূল ক্যাম্পাসের নেতাজি সুভাষ ক্রীড়াঙ্গন এবং জিমনেসিয়ামে আয়োজিত এই কর্মসূচিতে বিভিন্ন বিভাগ ও বর্ষের B.Tech পড়ুয়ারা অংশ নেন। লক্ষ্য ছিল প্রতিযোগিতার মধ্যে দিয়ে পড়ুয়াদের শুধু খেলাধুলার আনন্দ দেওয়া নয়, বরং পড়ুয়াদের মধ্যে ফিটনেস, সহনশক্তি, মানসিক তৎপরতা, পারস্পরিক সহযোগিতার মনোভাব বৃদ্ধি করা। তাঁদের মধ্যে খেলোয়াড়সুলভ মনোভাব তৈরি করা। দিনভর দাবা, বাস্কেটবল, ফুটবল এবং জিমনেসিয়াম-ভিত্তিক বিভিন্ন ফিটনেস সেশন আয়োজিত হয়। 

এই কর্মসূচিতে সক্রিয় ভূমিকা নেন BCREC-এর ফুটবল দলের কোচ রতন মাইতি, ছাত্রীদের জিম প্রশিক্ষক গুরমিত চ্যাটার্জি এবং ছাত্রদের জিম প্রশিক্ষক কৌশিক সূত্রধর। ‘খেলেগা ভারত, জিতেগা ভারত’-এর মূল বার্তা ছিল—শিক্ষাজীবনে সাফল্যের জন্য শুধু বইয়ের জ্ঞান যথেষ্ট নয়। প্রয়োজন সুস্থ শরীর, সক্রিয় মন, আত্মবিশ্বাস এবং একসঙ্গে কাজ করার ক্ষমতা। ক্লাসরুমের বাইরে মাঠে একসঙ্গে সময় কাটানোর এই উদ্যোগে পড়ুয়াদের মধ্যে দলগত বোঝাপড়া বৃদ্ধি পেয়েছে যা তাদের ভবিষ্যৎ পেশাগত জীবনে কার্যকরী ভূমিকা নেবে বলে মনে করেন কলেজ কর্তৃপক্ষ।

আরও পড়ুন- ‘ইয়ারি’: বন্ধুত্বের ছোঁয়ায় র‍্যাগিংমুক্ত ক্যাম্পাসের অঙ্গীকার ড. বি. সি. রায় একাডেমিতে