WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৭ সেপ্টেম্বর: বায়ুদূষণ রোধ এবং নির্মল বাতাসের প্রয়োজনীয়তা নিয়ে পড়ুয়াদের মধ্যে সচেতনতা গড়ে তুলতে পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের নেপালিপাড়া হিন্দি উচ্চ বিদ্যালয়ে একটি স্কুলে বিশেষ কর্মসূচির আয়োজন করা হল। ‘স্বচ্ছ নীল আকাশের জন্য আন্তর্জাতিক নির্মল বায়ু দিবস’ উপলক্ষে দুর্গাপুর পুর নিগমের উদ্যোগে এই কর্মসূচি হয়।

অনুষ্ঠানে একাদশ ও দ্বাদশ শ্রেণির প্রায় ৩০০ জন পড়ুয়া অংশ নেয়। বায়ুদূষণ, পরিবেশ রক্ষা এবং নির্মল বাতাসের গুরুত্ব নিয়ে তাদের সচেতন করা হয়।কর্মসূচিতে বায়ুদূষণ বিষয়ক অঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। ছবির মাধ্যমে পড়ুয়ারা দূষণের নানা দিক এবং পরিবেশ রক্ষার বার্তা তুলে ধরে। প্রতিযোগিতার শেষে প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থানাধিকারীদের পুরস্কৃত করা হয়। এরপর পরিবেশ ও বায়ুদূষণ নিয়ে প্রশ্নোত্তর প্রতিযোগিতা হয়। সফল পড়ুয়াদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন দুর্গাপুরের মহকুমাশাসক অঙ্কিতা আগরওয়াল। বায়ুদূষণ ও পরিবেশ রক্ষার পাশাপাশি পড়ুয়াদের মোবাইল ফোন ব্যবহারের বিষয়েও সতর্ক করেন তিনি। মহকুমাশাসক জানান, মোবাইল ফোন ও প্রযুক্তিকে শুধু বিনোদনের জন্য ব্যবহার না করে জ্ঞান অর্জন এবং সৃজনশীল কাজে কাজে লাগানো উচিত। একইসঙ্গে প্রযুক্তি ব্যবহারে সংযম রাখার পরামর্শ দেন তিনি।

তাঁর বক্তব্য, নির্মল বাতাস শুধু পরিবেশের বিষয় নয়। এর সঙ্গে মানুষের স্বাস্থ্য এবং ভবিষ্যৎ প্রজন্মের নিরাপত্তাও সরাসরি জড়িত। আগামী দিনে পরিবেশ রক্ষায় পড়ুয়াদের সক্রিয় ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনের সচিব অভিজিৎ সামন্ত, পশ্চিমবঙ্গ দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের দুর্গাপুর আঞ্চলিক কার্যালয়ের সহকারী পরিবেশ প্রকৌশলী সুমন গড়াই, নির্মল বায়ু কর্মসূচির দায়িত্বপ্রাপ্ত আধিকারিক সুজল নন্দী, পরামর্শদাতা ড. মানস গোপ এবং আধিকারিক অদিতি চট্টোপাধ্যায় ও দোয়েল বন্দ্যোপাধ্যায়। এছাড়াও আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের আধিকারিকরাও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক ড. কালিমুল হক জানান, এই ধরনের কর্মসূচির মাধ্যমে পড়ুয়ারা পরিবেশ সম্পর্কে হাতে-কলমে জানার সুযোগ পায়। চিত্রাঙ্কন ও প্রশ্নোত্তর প্রতিযোগিতার মাধ্যমে পড়াশোনার পাশাপাশি পরিবেশ রক্ষা এবং জলবায়ু পরিবর্তনের মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়েও তাদের আগ্রহ তৈরি হয়। তিনি বলেন, নির্মল বাতাস নিশ্চিত করার দায়িত্ব শুধু প্রশাসনের নয়। সাধারণ মানুষকে সচেতন হওয়ার পাশাপাশি তরুণ প্রজন্মকেও পরিবেশ রক্ষার কাজে এগিয়ে আসতে হবে।

আরও পড়ুন: দুর্গাপুরে নেহরুর মূর্তি তুলে ফেলে দেওয়া হল জঙ্গলে!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)