WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ৩০ আগস্ট: দেশের প্রথম প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর মূর্তি সরিয়ে জঙ্গলে ফেলে দেওয়ার অভিযোগ ঘিরে উত্তপ্ত পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুর। ডিএসপি টাউনশিপের হর্ষবর্ধন রোডের প্রাথমিক স্কুল সংলগ্ন একটি মেডিটেশন সেন্টারের সামনে দীর্ঘদিন ধরে থাকা মূর্তিটি আচমকাই উধাও হয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে প্রায় ১৫০ মিটার দূরে জঙ্গলের মধ্যে সেটি পড়ে থাকতে দেখা যায়।

কংগ্রেসের অভিযোগ, শনিবার সেখানে রাখি উৎসবের আয়োজন থাকায় শুক্রবার রাতে বিজেপির কয়েকজন ক্রেন এনে মূর্তিটি সরিয়ে জঙ্গলে ফেলে দেন। রবিবার বিষয়টি জানাজানি হতেই কংগ্রেসের জেলা সভাপতি দেবেশ চক্রবর্তীর নেতৃত্বে কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মূর্তিটি পরিষ্কার করেন এবং ফের আগের জায়গায় বসানোর দাবি জানান। তাঁরা স্লোগান দিতে থাকেন।

দেবেশের অভিযোগ, দেশের প্রথম প্রধানমন্ত্রী প্রয়াত জহরলাল নেহরুর মূর্তি সরিয়ে ফেলা চরম অসম্মান। ২৪ ঘণ্টার মধ্যে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা না হলে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারিও দেন তিনি। প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকারও লিখিত বিবৃতিতে ঘটনার নিন্দা করেছেন।

অভিযোগ অবশ্য সম্পূর্ণ অস্বীকার করেছেন দুর্গাপুর পূর্বের বিজেপি বিধায়ক চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, রাজনৈতিক উদ্দেশ্যেই কংগ্রেস এই অভিযোগ তুলছে। এর সঙ্গে বিজেপির কোনও যোগ নেই। ঘটনাস্থলে গিয়ে পুলিশ তদন্ত শুরু করেছে। 

আরও পড়ুন: মাঝরাতে রণক্ষেত্র দুর্গাপুর, প্রাক্তন কাউন্সিলরের বাড়িতে হামলা, লাঠিচার্জ-কাঁদানে গ্যাস পুলিশের!

(বিশেষ বিশেষ খবরের ভিডিয়ো দেখতে Durgapur Darpan Youtube Channel সাবস্ক্রাইব করুন)