দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১১ সেপ্টেম্বর: অবিলম্বে পুরভোটের দাবি এবং সম্প্রীতি রক্ষার আহ্বানকে সামনে রেখে শুক্রবার পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের সিটি সেন্টারে আসানসোল-দুর্গাপুর উন্নয়ন পর্ষদ (এডিডিএ)-র সামনে সভা করে সিপিএম। সভায় উপস্থিত ছিলেন দলের নেতা শতরূপ ঘোষ ও মীনাক্ষী মুখোপাধ্যায়। সভা চলাকালীন আচমকাই সেখানে ঢাক বাজিয়ে হাজির হয় ‘বিশ্ব হিন্দু রক্ষা বাহিনী’।
সিপিএমের সভার একদিকে শোনা যায় ‘ইনক্লাব জিন্দাবাদ’ স্লোগান। অন্যদিকে ঢাকের সঙ্গে ওঠে ‘জয় শ্রীরাম’ ধ্বনি। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে পৌঁছয়। দুই পক্ষকে আলাদা করে মাঝখানে দড়ির ব্যারিকেড তৈরি করা হয়। মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ। শেষ পর্যন্ত বড় কোনও অপ্রীতিকর ঘটনা ছাড়াই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সমর্থ্য হয় প্রশাসন।
সিপিএমের দাবি, পুলিশ ও এডিডিএ-র প্রয়োজনীয় অনুমতি নিয়েই সভার আয়োজন করা হয়েছিল। দলের অভিযোগ, পরিকল্পিতভাবে কয়েকজন সেখানে এসে ঢাক বাজিয়ে এবং ‘জয় শ্রীরাম’ স্লোগান দিয়ে সভা বানচাল করার চেষ্টা করেন। বিশ্ব হিন্দু রক্ষা বাহিনী’র তরফে শুভ্রা প্রসাদ সাহা বাবুর অভিযোগ, সনাতন ধর্ম ও দেবদেবীকে নিয়ে সিপিএম ও বামপন্থীদের আপত্তিকর মন্তব্যের প্রতিবাদেই তাঁরা সেখানে গিয়েছিলেন। তাঁর দাবি, সভায় হিন্দু সংস্কৃতি নিয়ে কোনও আপত্তিকর মন্তব্য করা হয়ে থাকলে তার প্রতিবাদ করা হবে।
দুর্গাপুরে পুরবোর্ডের মেয়াদ প্রায় ৪ বছর আগে শেষ হয়েছে। নির্বাচিত পুরবোর্ড না থাকায় নাগরিক পরিষেবা নিয়ে প্রশ্ন তুলছেন বিরোধীরা। পুরভোটের দাবিতে এদিন সরব হন মীনাক্ষী মুখোপাধ্যায়ও। তাঁর বক্তব্য, দুর্গাপুরের সাধারণ মানুষ পুরভোটের জন্য প্রস্তুত। যাঁরা প্রস্তুত নন, তাঁরাই দীর্ঘদিন ধরে ভোট নিয়ে টালবাহানা করছেন বলে অভিযোগ করেন তিনি।
আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে


