WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর: আচমকাই ব্রেক ফেল। এরপর আর নিয়ন্ত্রণে রাখা গেল না কন্টেনারটিকে। প্রথমে সামনে থাকা ছোট পিকআপ ভ্যানে ধাক্কা মারল। ধাক্কার চোটে সেই পিকআপ ভ্যান ঘুরে গিয়ে উল্টো দিকে থাকা গ্যাস ট্যাঙ্কারে গিয়ে সজোরে আছড়ে পড়ল। পরপর তিনটি গাড়ির সংঘর্ষে তীব্র চাঞ্চল্য ছড়াল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার বাঁশকোপা টোল প্লাজার সামনে।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, নাগাল্যান্ডের দিক থেকে আসছিল কন্টেনারটি। বাঁশকোপা টোল প্লাজার কাছে আচমকাই সেটির ব্রেক ফেল করে বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরপর তিনটি গাড়ির সংঘর্ষে মুহূর্তে আতঙ্ক ছড়িয়ে পড়ে টোল প্লাজা চত্বরে। দুর্ঘটনায় গাড়িগুলির চালক ও খালাসিদের কয়েকজন অল্পবিস্তর আহত হয়েছেন বলে জানা গিয়েছে।

দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় কাঁকসা থানার পুলিশ ও ট্রাফিক গার্ডের আধিকারিকরা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে পৌঁছয় দমকল বাহিনীও। দুর্ঘটনাগ্রস্ত গাড়িগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার কাজ শুরু হয়। 

আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে