WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৪ সেপ্টেম্বর: স্কুলের ক্লাসরুমে ঢুকে খুদে পড়ুয়াদের সঙ্গে আলাপচারিতা করার অভিযোগ উঠল SFI নেতৃত্বের বিরুদ্ধে। সেই কর্মসূচির ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তেই নড়েচড়ে বসল শিক্ষা দপ্তর। স্কুল চত্বর রাজনৈতিক কর্মসূচির জন্য কীভাবে ব্যবহৃত হল, তা জানতে প্রধান শিক্ষককে শোকজ করা হয়েছে।

ঘটনাটি পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার খাটপুকুর ফ্রি প্রাইমারি স্কুলের। জানা গিয়েছে, কয়েকদিন আগে SFI-এর জেলা সম্পাদক সুদীপ কুড়ি, সম্পাদকমণ্ডলীর সদস্য রাফিজ মল্লিক এবং কাঁকসা লোকাল কমিটির সম্পাদক সুজন দে ওই স্কুলে গিয়েছিলেন। অভিযোগ, সেখানে ক্লাসরুমে ঢুকে পড়ুয়াদের সঙ্গে কথা বলেন তাঁরা। সেই কর্মসূচির ছবি ও ভিডিও পরে সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে।

বিষয়টি শিক্ষা দপ্তরের নজরে আসার পর ১৪ সেপ্টেম্বর দুর্গাপুর শিক্ষা সার্কেলের তরফে প্রধান শিক্ষক তপেশ্বর বন্দ্যোপাধ্যায়কে শোকজ করা হয়। স্কুল চত্বর কোনও রাজনৈতিক কার্যকলাপের জন্য ব্যবহার করা যায় না বলে নোটিসে উল্লেখ করা হয়েছে। প্রধান শিক্ষক হিসেবে স্কুলের নিরাপত্তা ও তদারকির দায়িত্ব কীভাবে পালিত হল, তা নিয়েও তাঁর কাছে ব্যাখ্যা চাওয়া হয়েছে।

প্রধান শিক্ষকের দাবি, ঘটনাটি রবিবার ঘটেছিল। তাঁকে জানানো হয়েছিল, স্কুলে বই-খাতা দেওয়া হবে। কিন্তু পরে ছবি দেখে তিনি জানতে পারেন স্কুলের ভিতরে SFI-এর কর্মসূচি হয়েছে। তাঁর বক্তব্য, কারা স্কুলের চাবি দিয়েছিল, সেটিও তাঁর জানা নেই এবং পুরো ঘটনাটিই তাঁর অজ্ঞাতে হয়েছে। ঘটনাকে ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক চাপানউতোর। বিজেপির জেলা মুখপাত্র সুমন্ত মণ্ডলের অভিযোগ, ছোট পড়ুয়াদের রাজনৈতিক কর্মকাণ্ডের মধ্যে নিয়ে আসা হয়েছে। ঘটনার তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিও জানিয়েছেন তিনি।

আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে