WhatsApp Group Join Now
Instagram Group Join Now

দুর্গাপুর দর্পণ, দুর্গাপুর, ১৫ সেপ্টেম্বর: দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের ২৭ নম্বর ওয়ার্ডের রাঙামাটি পথের বিভিন্ন অংশে পিচ উঠে খানাখন্দ তৈরি হয়েছে। বর্ষার জলে সেই গর্তগুলিতে জল জমে কোথাও কোথাও ডোবার মতো পরিস্থিতি তৈরি হয়েছে। রাস্তা সংস্কারের দাবিতে মঙ্গলবার জমা জলে মাছ ছেড়ে অভিনব প্রতিবাদ করল সিপিএম।

স্থানীয়দের বক্তব্য, বৃষ্টির পর রাস্তার গর্তগুলি জলে ভরে যাওয়ায় সেগুলির গভীরতা বোঝা কঠিন হয়ে পড়ে। এর ফলে পথচারী, সাইকেল আরোহী এবং বাইক ও স্কুটি চালকদের যাতায়াতে অসুবিধা হচ্ছে। রাতের দিকে পর্যাপ্ত আলোর অভাবে পরিস্থিতি আরও সমস্যাজনক হয়ে ওঠে বলে তাঁদের বক্তব্য।

রাঙামাটি পথের ধারে রয়েছে একটি বেসরকারি ক্যান্সার হাসপাতাল এবং দুটি বেসরকারি স্কুল। ফলে স্থানীয় বাসিন্দাদের পাশাপাশি হাসপাতালমুখী রোগী ও তাঁদের পরিজন এবং স্কুলের পড়ুয়া ও অভিভাবকরাও এই রাস্তা ব্যবহার করেন। রাস্তার বর্তমান অবস্থার কারণে তাঁদের যাতায়াতে সমস্যা হচ্ছে বলে স্থানীয়দের একাংশ জানিয়েছেন। মঙ্গলবার রাস্তা দ্রুত সংস্কারের দাবিতে সেখানে প্রতিবাদ কর্মসূচি পালন করেন সিপিএম কর্মী-সমর্থকেরা। জমে থাকা জলে মাছ ছেড়ে রাস্তার পরিস্থিতি তুলে ধরেন তাঁরা। 

আরও পড়ুন: বৃষ্টি হলেই ঘরে জল, সাপ-ব্যাঙের আতঙ্ক দুর্গাপুরের বীরভানপুরে